ক্লুনিদের বাড়িতে ডেটিংয়ের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি
আমাল ক্লুনি ও জর্জ ক্লুনি

ইতালির লেক কোমো, যেখানে বিয়ে হয়েছিল বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের, সেখানে ডেটিং করতে চান? ইতালির সেই লেক কোমোতে একটি বাড়ি আছে হলিউড তারকা জর্জ ক্লুনি ও তাঁর আইনজীবী স্ত্রী আমাল ক্লুনির। সেই বাড়িতে ডেটিংয়ের সুযোগ দিচ্ছেন এই দম্পতি। ডেটিং মানে শুধুই ডেটিং নয়; আইনজীবী ক্লুনির সঙ্গে বসে আপনি ও আপনার প্রিয়জন যখন গল্প করবেন, তখন আপনাদের খাবার বেড়ে দেবেন স্বয়ং ‘ওশানস ইলেভেন’ ছবির অভিনেতা জর্জ ক্লুনি।

জর্জ ক্লুনি ও আমাল ক্লুনির সঙ্গে তাঁদের লেক কোমোর বিলাসবহুল বাড়িতে ডেটিংয়ের এই সুযোগের সঙ্গে আছে আরও অনেক কিছু। মধ্যাহ্নভোজে তাঁদের সঙ্গে টোস্ট খেতে পারেন, সঙ্গে থাকবে ইতালির ঐতিহ্যবাহী ঠান্ডা মাংস, পানীয় ও পনির। ছবি তুলতে পারবেন এই দম্পতির সঙ্গে। লেক ও আল্পস পর্বতমালার সৌন্দর্যের ভেতর বসে তাঁদের দুজনকে জানার সুযোগও পাওয়া যাবে। তারপর ইতালিতে উড়ে এসে একটি চার তারকা হোটেলে রাত কাটানো যাবে। এমনকি যাওয়া-আসার বিমানভাড়াও দিয়ে দেওয়া হবে।

এত সব আয়োজনের জন্য আপনাকে অনুদান দিতে হবে ক্লুনি ফাউন্ডেশনে। মানবাধিকার নিয়ে কাজ করছে এই ফাউন্ডেশন। ১০ মার্কিন ডলার থেকে শুরু করে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেওয়া যাবে। যত ডলার দেবেন, তাঁদের বাড়িতে ডেটিংয়ের সুযোগ জেতার সম্ভাবনা বেড়ে যাবে তত বেশি। অনুদানদাতাদের মধ্যে হবে লটারি। ফাউন্ডেশনের কর্মকাণ্ড বাড়ানোর জন্য এই তহবিল সংগ্রহ করছেন তাঁরা।

লেক কোমোতে ক্লুনিদের বাড়ি
লেক কোমোতে ক্লুনিদের বাড়ি

তহবিল সংগ্রহের ভিডিও বিজ্ঞাপনে জর্জ ক্লুনি লিখেছেন, ‘আমি আমাল ক্লুনির স্বামী, জর্জ। আমাদের লেক কোমোর বাড়িতে আপনাকে স্বাগতম।’ বিজ্ঞাপনে তিনি বলেছেন, বিশ্বের খ্যাতিমান মানবাধিকার আইনজীবী, আইনের অধ্যাপক, চিন্তক ক্লুনি ও আমার সঙ্গে আইন আর বিচার নিয়ে আলোচনা করতে পারেন। চলে আসুন। পিপল