ক্লুনির বিয়ের পোশাক বানাবে আরমানি

এ বছরের সেপ্টেম্বরে ইতালির ভেনিসে বিয়ে করতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও মানবাধিকারবিষয়ক আইনজীবী অমল আলমুদ্দিন। বিয়ের পোশাকের নকশার জন্য ‘জর্জিও আরমানি’কে ঠিক করেছেন ক্লুনি।
ফ্যাশন ওয়েবসাইট ওম্যান ওয়্যার ডেইলি জানিয়েছে, ইতালির ফ্যাশনের বিশাল ভক্ত জর্জ ক্লুনি। বিয়েও করছেন ইতালিতেই। তাই নিজের ও পুরুষ অতিথিদের জন্য পোশাকের নকশা করাচ্ছেন আরমানিকে দিয়ে। এদিকে কনে আলমুদ্দিনও বিয়ের পোশাক নকশার জন্য বেশ কয়েকজন নকশাবিদের কাছে গেছেন। এর মধ্যে অস্কার ডে লা রেন্টারও রয়েছেন।
ইতালির লেক কোমো এস্টেটে ক্লুনি-অমল বিয়ে করার পরিকল্পনা করেছেন। জর্জ ক্লুনি-অমলের সম্পর্কের কথা প্রথম ফাঁস হয়েছিল এ বছরের মার্চ মাসে। ৫২ বছর বয়সী ক্লুনি ও ৩৬ বছর বয়সী আইনজীবী অমল সিসিলি দ্বীপপুঞ্জের সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় ক্যামেরাবন্দী হন। এর পরই তাঁদের প্রেমের খবর জনসমক্ষে আসে। এ বছরের এপ্রিলে আংটি বদল করেন তাঁরা।
পেশাদার রেসলার ও মডেল স্টেসি কেইবলারের সঙ্গে ২০১৩ সালে প্রেমের ইতি টানেন ক্লুনি। একই বছরের অক্টোবরে লন্ডনে অমল ও ক্লুনিকে প্রথম একসঙ্গে দেখা যায়।