ক্লুনির ব্যয়বহুল বিয়ে

হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও ব্রিটিশ আইনজীবী অমল আলামুদ্দিন ইতালির ভেনিসে বিয়ে করেছেন গত ২৭ সেপ্টেম্বর। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও তারকা বিয়ে বলে কথা! খরচটা তো একটু বেশি হবেই। সম্প্রতি এক খবরে পিপল ডটকম জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পেছনে মোট ব্যয় হয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার।
ক্লুনি ও অমলের তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের মূল পর্বের আয়োজন করা হয় ভেনিসের গ্র্যান্ড ক্যানেলের আমান ক্যানেল গ্র্যান্ড রিসোর্টে। ২৭ সেপ্টেম্বর আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হন একাধিক রথী-মহারথী। তাঁদের মধ্যে ছিলেন আইরিশ রক ব্যান্ডদল ইউটুর গায়ক বোনো, মার্কিন অভিনেতা ম্যাট ডেমন, বিল মারে, মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ড ও তাঁর স্বামী মডেল-ব্যবসায়ী র্যান্ডে গার্বার, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট প্রমুখ।
ওয়াটার ট্যাক্সিতে চেপে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জর্জ ক্লুনি। বিয়েতে চমৎকার আরমানি টুক্সেডো পরেন তিনি। আর অমলের পরনে ছিল বিয়ের গাউন। অমলের গাউনটির ডিজাইন করেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অস্কার ডে লা রেন্টা। অবশ্য বিয়ের অনুষ্ঠান চলাকালে মিডিয়ার সামনে আসেননি ৩৬ বছর বয়সী অমল।
গত বছরের অক্টোবরে অমল ও ক্লুনির প্রেমের খবর প্রথম চাউর হয়। পরবর্তী সময়ে নিউইয়র্ক, তানজানিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। চলতি বছরের ২৮ এপ্রিল বাগদান সম্পন্ন করেন ক্লুনি ও অমল।