ক্ষমা করে দিয়ো...

দিনকাল খারাপ গেলে যা হয়, সেটাই হয়েছে সাবেক জেমস বন্ডের। ভারতীয় পান মসলা কোম্পানির ‘পান বাহার’-এর বিজ্ঞাপনে মডেল হয়ে ক্ষমা চাইতে হলো তাঁকে। জর্দার ভেতরে যে ক্যানসারের উপাদান থাকতে পারে, জানাই ছিল না পিয়ার্স ব্রসনানের। এমন একটি ভুল পণ্যের প্রচারের জন্য ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
‘আমাকে বলা হয়েছিল, এটা একটা দাঁত স্বচ্ছকারী ও মুখের দুর্গন্ধ দূরকারী পণ্য। কোনো ধরনের ক্যানসারের উপাদান নেই এতে।’ এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন সাবেক এই বন্ডতারকা। ভারতবাসীকে ভীষণ পছন্দ করেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতীয়দের শরীরের ক্ষতি করবে—এমন কোনো পণ্যের প্রচার আমি করতে চাইনি।’ নারীর স্বাস্থ্যসচেতনতা, পরিবেশ রক্ষায় এক দশক ধরে কাজ করছেন এই হলিউড অভিনেতা। ক্যানসারে হারিয়েছেন নিজের প্রথম স্ত্রী ও কন্যাকে। সজ্ঞানে এ ধরনের পণ্যের বিজ্ঞাপন তিনি করতে পারেন না।
পান বাহারের বিজ্ঞাপন করে পরে পিছু হটেছেন পিয়ার্স ব্রসনান। বলেছেন, ‘কথা দিচ্ছি, শরীরের জন্য ক্ষতিকারক কোনো পণ্যের প্রচার আমি আর করব না। ভারতবাসী, আমায় ক্ষমা করে দিয়ো।’ পিপল ও স্টোরিপিক।