খ্যাতিমানও ব্যর্থ হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইনফারনো’ ছবির দৃশ্যে ফেলিসিটি জোনস ও টম হ্যাঙ্কস
‘ইনফারনো’ ছবির দৃশ্যে ফেলিসিটি জোনস ও টম হ্যাঙ্কস

টম হ্যাঙ্কস যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রায় সব কটিই মানুষের মনে দাগ রেখে দিয়েছে। ভাবা গিয়েছিল ‘ইনফারনো’ ছবিটিও হবে তেমনই এক ছবি। তার ওপর ভারতীয় অভিনেতা ইরফান খানের উপস্থিতি ছবির প্রতি বাড়তি আগ্রহ তৈরি করেছিল ভারতবাসীর। কিন্তু সব ভাবনা ভুল প্রমাণ করল ‘ইনফারনো’। ‘নিউইয়র্ক টাইমস’ এক রিভিউতে জানিয়েছে, ছবিটি পরিচালক রন হাওয়ার্ডের আরেক গার্হস্থ্য ব্যর্থতা।

মার্কিন দেশে ‘ইনফারনো’ মুক্তি পায় গত ২৮ অক্টোবর এবং এরও আগে ১২ অক্টোবর ব্রাজিলে। বাংলাদেশে ছবিটি মুক্তি পায় ৩১ অক্টোবর। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিকেলের প্রদর্শনী দেখতে গিয়ে ছয় নম্বর প্রেক্ষাগৃহে পাওয়া যায় হাতে গোনা মাত্র অল্প কজন দর্শক। পর্দায় তখন টম হ্যাঙ্কস ও তাঁর ভাগনি একটি চিত্রকর্ম থেকে উদ্ধারের চেষ্টা করছেন এর নেপথ্যের গোপন সংকেত। মনে হবে ‘দ্য ডি ভিঞ্চি কোড’-এর সিক্যুয়েল।
‘ইনফারনো’ ছবিটি ‘দ্য ডি ভিঞ্চি কোড’,‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’-এর সিক্যুয়েল। একই লেখক ড্যান ব্রাউনের উপন্যাস থেকেই লেখা হয়েছে ‘ইনফারনো’র চিত্রনাট্য। ফলে ‘কোড’ এবারও ছবির পিছু ছাড়েনি। জাদুঘর, চিত্রকর্ম ও গোপন সংকেত যেন ব্রাউনের প্রিয় বিষয়। সবই যেন গতানুগতিক, এমনকি টম হ্যাঙ্কসের অভিনয়ও। একটু ভিন্নতা যা দেখা গেল ইরফানের অভিনয়ে। শুরুতে মনে হয়েছিল, তাঁর চরিত্রটি বুঝি খল অভিনেতার, ছিলও তাই। চরিত্র নিজেই নিজের অবস্থান জানতে পেরে যোগ দেন রবার্ট ল্যাঙ্গডন ও এলিজাবেথ সিন্সকির পক্ষে এবং দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণও দিতে হয়েছে তাঁকে।
হলিউডের প্রতিষ্ঠিত পরিচালক রন হাওয়ার্ড তাঁর ‘আ বিউটিফুল মাইন্ড’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন ২০০২ সালে। ‘ইনফারনো’র আগে এই পরিচালকের মুক্তি পেয়েছে ‘ইন দ্য হার্ট অব দ্য সি’, ‘রাশ’ ও ‘দ্য ডেলিমা’ ছবিগুলো। সেগুলোও ফ্লপ। ‘ইনফারনো’র রিভিউ ভালো না। ব্যবসা হচ্ছে না ছবিটির। ২০০৯ সালে এই পরিচালকের ‘অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস’ অবশ্য সাড়া ফেলেছিল। তবে ‘ইনফারনো’কে ব্যর্থই বলছেন হলিউডের চলচ্চিত্র বিশারদেরা। এত সাফল্যের পর খ্যাতিমানেরাও ব্যর্থ হতে পারে—এ এক বিস্ময়কর ব্যাপার!