খ্যাতির বিড়ম্বনা

ড্যানিয়েল ক্রেইগকে কে না চেনেন! ভ্রু কুঁচকে যে ভাববেন লোকটা কে? সে অবকাশ রাখেননি এই বন্ড তারকা। ‘স্কাইফল’ ছবিতে ক্রেইগের সময়োপযোগী, আধুনিক ও অনবদ্য অভিনয়ের কল্যাণে তাঁকে চেনেন না; বর্তমান বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিনই। আর এতেই হয়েছে বিপত্তিটা।
পথে দেখা হলে ঝাঁপিয়ে অটোগ্রাফ শিকার, পাশ ঘেঁষে দাঁড়িয়ে একটু ছুঁয়ে দেখা; এসবেও হয়তো আপত্তি নেই ক্রেইগের। বরং তিনি সানন্দেই অটোগ্রাফ দেন। ছবি তোলার জন্য পাশে দাঁড়ান। কিন্তু আড়ষ্ট হন, ক্ষুণ্ন হন তখনই; যখন কেউ লুকিয়ে তাঁর ছবি তোলে। আর খ্যাতির বিড়ম্বনায় সবচেয়ে যে বিষয়টা তাঁকে ইদানীং নাজেহাল করছে তা হলো— শান্তিতে নিজের মতন করে প্রকাশ্যে কোথাও কোনো কিছু করতেই পারেন না তিনি।
ব্যস্ততার পাশ কাটিয়ে মাঝেমধ্যে ঘরের বাইরে খানিক দম নেওয়ার জন্য রাস্তা-পাব-পার্ক কোথাও একটু প্রকাশ্যে এলেই লুকিয়ে চুরিয়ে ছবি তোলার উটকো ঝামেলায় তাঁর শান্তির বারোটা বাজে। আজকাল সবচেয়ে অপছন্দ করছেন মোবাইল ফোন। কারণ এটি সবার হাতে হাতে উঠে আসার পরই লুকিয়েচুরিয়ে ছবি তোলার বিপত্তিটা শতগুণ বেড়েছে।
এ প্রসঙ্গে ক্রেইগ খানিকটা মন খারাপ করা অভিব্যক্তিই প্রকাশ করেছেন। একটু আড্ডা, নতুন জায়গায় যাওয়া, একটু পান, পাব পছন্দ করেন; কিন্তু কোথাও গিয়ে যে দুদণ্ড যে জিরোবেন, একটু নিজেকে মেলে ধরবেন সামাজিকতায়— সেটি আর এখন হওয়ার নয়। কারণ? ওই যে, খ্যাতির বিড়ম্বনা। বিষয়টি ক্রেইগও জানেন। এটি একটি পুরোনো প্রবাদ, খ্যাতির সঙ্গে সঙ্গে বিপত্তিও বাড়ে।
ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘স্কাইফল’ ছবিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। কোনো নির্দিষ্ট একটি বন্ড ছবির এটাই সর্বোচ্চ আয়।