গতানুগতিক জীবন মিস করেন নাটালি

অভিনয় যাদের পেশা, তাঁদের কাজের বাঁধাধরা কোনো সময় নেই। কাজের জায়গাও নির্দিষ্ট নয়। তাই গতানুগতিক চাকরিজীবীদের মতো অভিনয়শিল্পীদের কখনোই একঘেয়েমিতে ভুগতে হয় না। তবে নিয়মিত এই রুটিন মেনে কাজ করার আরামটাও মাঝে মাঝে মিস করেন অনেকে। আর অভিনেত্রী নাটালি পোর্টম্যানও আছেন সেই দলে।
অস্কারজয়ী এই অভিনেত্রী তাঁর কাজকে ভীষণ রোমাঞ্চকর মনে করলেও প্রায়ই রুটিনমাফিক জীবনধারাকেও বড্ড মিস করেন। আর শুটিং-এর জন্য যখন দূরে যাওয়া হয়, তখনই এই বিষয়টা বেশি অনুভব করেন তিনি।
নাটালির ভাষায়, ‘আমার জীবনে প্রথা খুব শোচনীয়ভাবেই অনুপস্থিত, আর এটিই আমার পেশার সবচেয়ে কঠিন এবং একই সঙ্গে সবচেয়ে ভালো দিক। এটা ঠিক যে, রোজ রোজ একই অফিসে কাজ করে আমাকে একঘেয়েমিতে ভুগতে হয় না।’
নিউইয়র্ক টাইমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী আরও জানান, প্রতিবার নতুন কোনো জায়গায় শুটিং করতে গেলে তাঁকে চিন্তা করতে হয় কোথায় থাকবেন। তাঁর ছেলে সেখানে কী করবে, কাজ শেষে তাঁরা কবে ও কীভাবে বাড়ি ফিরবেন—সেসব নিয়েও ভাবতে হয়। নির্দিষ্ট প্রথা মেনে কাজ করার যেমন জ্বালা আছে, আবার অনেক আরামও তো আছে এতে। আর এই বিষয়টি কেবল তাঁরাই উপলব্ধি করতে পারবেন যাঁদের একেকদিন একেক জায়গায় কাজ করতে হয়। আইএএনএস।