গদারের জীবনী কি পাবে পাম দ'র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিডাউটেবল ছবিতে নির্মাতা জঁ-লুক গদার ও তাঁর প্রাক্তন স্ত্রী আন উইয়াজেয়োস্কির চরিত্রে লুই গ্যারেল ও স্তেসি মার্তিন। ছবি: কান উৎসব
রিডাউটেবল ছবিতে নির্মাতা জঁ-লুক গদার ও তাঁর প্রাক্তন স্ত্রী আন উইয়াজেয়োস্কির চরিত্রে লুই গ্যারেল ও স্তেসি মার্তিন। ছবি: কান উৎসব

কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে আলোচনায় এসেছে প্রতিযোগিতা বিভাগের একটি ছবি। কারণ রিডাউটেবল ছবিটির সঙ্গে যে দুটি বিখ্যাত নাম জড়িয়ে আছে! বিশ্বখ্যাত নির্মাতা জঁ-লুক গদারের ব্যর্থ বৈবাহিক জীবন নিয়ে অস্কারজয়ী নির্মাতা মিশেল আজানাভিসুস ছবি বানিয়েছেন, বড় খবর তো বটেই।
ষাটের দশকে ফরাসি ছবির জগতে যে নতুন জোয়ার এসেছিল, তার একজন জীবন্ত কিংবদন্তি জঁ-লুক গদার। ফরাসি পত্রিকা কাইয়ে দু সিনেমায় একদল সমালোচক সমকালীন ছবিগুলো নিয়ে নিয়মিত লিখতেন। একসময় তাঁদের মধ্যে কয়েকজন ভাবলেন, না, এভাবে হবে না। একেবারে সিনেমা বানিয়ে দেখিয়ে দেওয়া দরকার। সমালোচক থেকে নির্মাতা বনে যাওয়া এই দলে ছিলেন ক্লোদ শ্যাবরল, জ্যাক রিভেত, এরিক হোমের, ফ্রাঁসোয়া ত্রুফো। জঁ-লুক গদারও ছিলেন তাঁদের একজন। তাঁদের এই আন্দোলন চলচ্চিত্রের ইতিহাসে ‘লা নুভেল ভাগ’ (ফরাসি নবতরঙ্গ) হিসেবে পরিচয় পেয়েছে।
তো গদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন অভিনেত্রী আন উইয়াজেয়োস্কি। ২০১৬ সালে তিনি আ নো আপখে বইটিতে গদারের সঙ্গে তাঁর দাম্পত্যের জীবন নিয়ে লিখেছেন। ১৯৬৭-তে তাঁদের বিয়ে, বিচ্ছেদ ১৯৭৯-তে।
আন উইয়াজেয়োস্কির সেই বই থেকে ফরাসি নির্মাতা আজানাভিসুস বানিয়েছেন রিডাউটেবল। ২০১১ সালে তিনি সাদাকালো ছবি দ্য আর্টিস্ট দিয়ে অস্কার মাতিয়েছিলেন। সেবার ১০টি মনোনয়ন থেকে ৫টি পুরস্কার নিয়ে আসে এই ছবি। এবার রিডাউটেবল আছে কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র পাওয়ার দৌড়ে।
আজানাভিসুসকে হলিউড রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন, গদারের সঙ্গে এ ছবি নিয়ে কোনো আলাপ হয়েছে? জবাবে এই পরিচালক বলেন, ছবি নিয়ে প্রস্তুতির প্রথম দিকটায় চিঠি লিখে গদারকে তিনি জানিয়েছিলেন। শুটিং শুরুর সময় গদার তাঁকে চিত্রনাট্যটি পাঠাতে বলেছিলেন। আজানাভিসুস পাঠানও। কিন্তু গদারের দিক থেকে এ নিয়ে আর কোনো সাড়া পাননি। যখন পুরো ছবি প্রস্তুত, তখন আজানাভিসুস চেয়েছিলেন গদারের জন্য একটি ব্যক্তিগত প্রদর্শনী করতে। কিন্তু গদার নিশ্চুপ! না, অবাক হওয়ার কিছু নেই। ২০১০ সালে গদারকে সম্মানসূচক অস্কার যখন দেওয়া হলো, তখনো তো তিনি আসেননি। সুইজারল্যান্ডের নিভৃত পল্লিতে নিজের শেষ জীবন কাটাচ্ছেন ৮৬ বছর বয়সী এই কিংবদন্তি নির্মাতা। আজানাভিসুস ভেবেছিলেন, গদারের কাছ থেকে হয়তো দুয়ো শুনবেন তিনি।
মজার ব্যাপার হলো, রিডাউটেবল ছবিতে গদারের চরিত্রে অভিনয় করেছেন যে লুই গ্যারেল, তাঁর বাবা ফিলিপ গ্যারেলও ‘ফরাসি নবতরঙ্গ’-এর পরের দিককার নির্মাতা। তাঁর বিপরীতে আন উইয়াজেয়োস্কির চরিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী স্তেসি মার্তিন।