গল্প করতে ভালোবাসেন প্রিয়াঙ্কা

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার গুনমুগ্ধ ভক্ত ক্রমেই বাড়ছে। তাঁর প্রশংসায় এবার পঞ্চমুখ হতে দেখা গেল ইংরেজ অভিনেতা রাসেল টভিকে। প্রিয়াঙ্কায় মুগ্ধ তাঁর সমবয়সী এ অভিনেতা চমৎকৃত হয়েছেন অভিনেত্রীর প্রাণোচ্ছলতায়। স্টার ওয়ার্ল্ডকে দেওয়া এক বিবৃতিতে প্রিয়াঙ্কাকে নিয়ে তিনি বলেছেন, মেয়েটা গল্প করতে ভীষণ ভালোবাসে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে প্রিয়াঙ্কার এই সহশিল্পী বলেছেন, ‘ভারতীয় এই মেয়েটা অসাধারণ। সে খুব গোছালো আর গল্প করতে ভীষণ ভালোবাসে। সিরিজটি নিয়ে তাঁর যে গর্ব তা, আমাদেরও গর্বিত করেছে।’ ‘কোয়ান্টিকো’ সিরিজের প্রথম মৌসুমে প্রিয়াঙ্কাকে দেখা গেছে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশ চরিত্রে। পরবর্তী মৌসুমে এখন তিনি অভিনয় করছেন সিআইএ এজেন্ট হিসেবে। দ্বিতীয় মৌসুমের পর্বগুলো এখন প্রচারিত হচ্ছে স্টার ওয়ার্ল্ডে।
রাসেল টভি বলেছেন, ‘প্রিয়াঙ্কা এই সিরিজে যোগ দিয়েছেনই যেন সবকিছু জয় করে নিতে। সে অনেক মেধাবী। অভিনয় ছাড়াও সে দেখিয়েছে একজন নারীর প্রকৃত সৌন্দর্য, লোকে যা দেখতে পছন্দ করে। একজন বলিউড তারকা হিসেবে মার্কিন একটি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় তাঁর জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার। তাঁর জন্য এটা একটা বিরাট অর্জনও বটে।’ মিড ডে।