গাগার নতুন অধ্যায়

নিজের ক্যারিয়ারে এবার এক বড় ‘লম্ফ’ দিতে চলেছেন লেডি গাগা। হলিউডে গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে অভিষেক হতে চলেছে তাঁর। চল্লিশের দশকের খুবই আলোচিত ছবি আ স্টার ইজ বর্ন নতুন করে বানানো হবে। আর তাতে ব্র্যাডলি কুপারের বিপরীতে অভিনয় করবেন গাগা। এটিই হবে এই সংগীতশিল্পীর প্রথম কোনো শীর্ষ চরিত্রে অভিনয়।
গাগা কেন? প্রশ্নটা করতেই পারেন। উঠছেও। তবে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস জানিয়ে দিয়েছে, ছবির যে চরিত্র, তাতে গাগাকেই মনে হয়েছে সবচেয়ে যোগ্য। তা ছাড়া এটি মিউজিক্যাল সিনেমা। এ তো আর বলিউড নয় যে এখানে নায়িকা ঠোঁট মেলাবেন। আসল নায়িকাকেই গাইতে হবে। গানের ও চরিত্রের ধরন, সেই সঙ্গে কাহিনি মিলিয়ে নাকি গাগার ছবিই ভেসে উঠেছে পরিচালকের মনে।
গাগার জন্য অভিনয় একেবারে নতুনও নয়। নিজের মিউজিক ভিডিওর জন্য অভিনয় তো আছেই; সর্বশেষ ‘আমেরিকান হরর স্টোরি’র পঞ্চম মৌসুমেও দেখা গেছে। এ ছাড়া দুটি সিনেমাতেও কাজ করেছেন। যদিও এর কোনোটাতেই তাঁর চরিত্র মুখ্য ছিল না। অন্যদিকে কুপার আমেরিকান হাসেল, হ্যাংওভার-এর মতো ছবির জন্য বিখ্যাত। তাঁর সিলভার লাইনিংস প্লে বুক-এর কারণেই তো জেনিফার লরেন্স পেয়েছিলেন অস্কার।
১৯৩৭ সালে প্রথম মুক্তি পাওয়া আ স্টার ইজ বর্ন ছবিতে একজন প্রতিষ্ঠিত হলিউড তারকার সঙ্গে উঠতি অভিনেত্রীর জটিল এক সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প দেখানো হয়েছিল। ১৯৫৪ ও ১৯৭৬ সালে ছবিটি আবারও বানানো হয়। তৃতীয়বারের মতো রিমেক করা হচ্ছে বহুল আলোচিত এই ছবি। ভালচার।