গাজা নিয়ে ঝামেলায় হাভিয়ের-পেনেলোপে!

মার্কিন তারকারা মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। কিন্তু নিজের মত প্রকাশে কোনো সংকোচ করেননি পেনেলোপে ক্রুজ আর তাঁর স্বামী হাভিয়ের বারদেম। এই দুজনসহ ১০০ জন মিলে স্প্যানিশ ভাষায় একটা খোলা চিঠি লিখেছিলেন ‘গাজায় ইসরায়েলের গণহত্যা’র প্রতিবাদে। কিন্তু এই করতে গিয়েই নাকি এখন নিজেদের ক্যারিয়ারটাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তাঁরা। পেনেলোপে আর বারদেমের সঙ্গে হলিউডের অনেক প্রযোজনা প্রতিষ্ঠানই এখন কাজ করতে চাইছে না বলে খবর দিয়েছে হলিউড রিপোর্টার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘হলোকাস্ট’-এর (ইহুদি নিধনযজ্ঞ) শিকার ইহুদিদের ব্যাপারে মার্কিন মুলুকে একটা সমবেদনা আছে। সেখানকার ইহুদিরাও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক প্রভাবশালী। ফলে গাজায় চলমান সহিংসতার ব্যাপারে মার্কিনদের সিংহভাগের দৃষ্টিভঙ্গিও আলাদা। এ কারণে পেনেলোপে-বারদেমদের ‘গণহত্যা’র দাবিটি অনেককেই খেপিয়ে তুলেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হামাসই যে এই ঘটনার শুরুটা করেছিল, সেটা কেন বললেন না তাঁরা?
পেনেলোপে অবশ্য সমালোচনার মুখে আরেকটি বিবৃতি দিয়ে বলেছেন, তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল গাজা এবং ইসরায়েল দুই জায়গাতেই শান্তি প্রতিষ্ঠা। তবে তাতেও ক্ষোভ কমছে না। অ্যাঞ্জেলিনা জোলির বাবা, প্রখ্যাত অভিনেতা জন ভয়েট এমনও বলেছেন, ‘একতরফা বক্তব্য’ দেওয়ায় পেনেলোপে ও বারদেমের ‘মাথা লজ্জায় কাটা গেছে’। অবশ্য ভয়েট এও মনে করেন, এই বক্তব্যের জন্য তাঁদের ‘কালো তালিকাভুক্ত’ করাটাও ঠিক হবে না।
পেনেলোপের সঙ্গে আগে কাজ করেছেন এমন একজন প্রযোজক নাম প্রকাশ না করে হলিউড রিপোর্টারকে বলেছেন, এই অভিনেত্রীর সঙ্গে ভবিষ্যতে তিনি আর কাজ করবেন না। তবে আরেকজন প্রযোজক মনে করেন, মুক্ত মত ও চিন্তার স্বাধীনতাকে হলিউডের অবশ্যই সম্মান দেখানো উচিত।
পেনেলোপে ও বারদেম এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি। দেখা যাক, তাঁরা নিজেদের অবস্থানে অটল থাকতে পারেন কি না। এর আগে কিন্তু আরও অনেক তারকা টুইটার বা ফেসবুকে পোস্ট দিয়ে পরে সমালোচনার মুখে পোস্ট সরিয়ে ফেলতে বাধ্যও হয়েছিলেন। হলিউড রিপোর্টার।