গাজায় হামলার নিন্দায় তারকাদের খোলা চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার বোমা হামলায় ইসরায়েলের সমালোচনা করেছেন হ্যাভিয়ের বারডেম ও পেনেলোপে ক্রুজ
গাজার বোমা হামলায় ইসরায়েলের সমালোচনা করেছেন হ্যাভিয়ের বারডেম ও পেনেলোপে ক্রুজ

পেনেলোপে ক্রুজ, পেড্রো আলমোদোভার, হ্যাভিয়ের বারডেমের মতো স্পেনের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিরা গাজায় ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নকে এই হামলায় নিন্দা জ্ঞাপনের জন্য স্পেনের একটি সংবাদপত্রে তাঁরা খোলা চিঠিও লিখেছেন। দ্য গার্ডিয়ান-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিদের খোলা চিঠিতে উঠে এসেছে ফিলিস্তিনের দুর্দশার কথা। ইউরোপীয় ইউনিয়নকে নিন্দা জ্ঞাপনের আহ্বান জানিয়ে তাঁরা লিখেছেন, ‘গাজা ভূখণ্ডে বেসামরিক মানুষের ওপর স্থল, নৌ ও বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এখন গাজা বিভীষিকাময় ভূখণ্ডে পরিণত, সবখানেই এখন আক্রমণ চালানো হচ্ছে। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। পানি, বিদ্যুত্ থেকে বঞ্চিত করা হচ্ছে, স্বাধীনভাবে বিদ্যালয়, মাঠ কিংবা হাসপাতালেও যেতে দেওয়া হচ্ছে না। এসব দেখেও আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসছে না।’

গাজাবাসীর এই দুর্দশা থেকে হামলাকারীদের শারীরিক, নৈতিক ও মানসিক অবস্থা নিয়েও খেদ প্রকাশ করেছেন তাঁরা। দ্রুত গাজা সীমান্ত থেকে ইসরায়েলি প্রতিবন্ধকতা সরিয়ে নিতে এবং আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আন্তর্জাতিক সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে ফিলিস্তিনিদের পক্ষে স্পেনের শিল্পীদের এই খোলা চিঠি এখন পর্যন্ত সবচেয়ে বড় বার্তা হয়ে এল। এর আগে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যালে একদল ইসরায়েলি চলচ্চিত্রনির্মাতা এ ধরনের হামলা বন্ধ করতে একটি বিবৃতি দিয়েছিলেন।

পেনেলোপে ও হ্যাভিয়ের বারডেম দম্পতি স্পেনের গণমাধ্যমে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। এল দিয়ারিও সংবাদপত্রে হ্যাভিয়ের বারডেম গাজায় ইসরায়েলি হামলার ব্যাপক সমালোচনা করেন।

টুইটারেও এখন হ্যাসট্যাগ ফ্রিপ্যালেসটাইন লিখে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন মহলের মানুষ ইসরায়েলি হামলার বিরুদ্ধে টুইট করছেন।

প্রসঙ্গত, পেনেলোপে ক্রুজ প্রথম স্প্যানিশ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার পান। স্পেনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পেড্রো আলমোডোভার। হ্যাভিয়ের বারডেম একাডেমি পুরস্কারপ্রাপ্ত স্প্যানিশ অভিনেতা।