গায়ক যখন দস্যুদলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ম্যাকার্টনি
পল ম্যাকার্টনি

ছবিটি দেখে আঁতকে উঠবেন না যেন! স্যার পল ম্যাকার্টনি কি গিটার ছেড়ে অস্ত্র তুলে নিলেন? যোগ দিলেন দস্যুদলে? ছবিতো তাই বলছে। অবিশ্বাস্য মনে হলেও, এই সত্য। জট পাকানো চুল, মাথায় দস্যুদের মতো টুপি আর হাতে তাসের কার্ড নিয়ে বাঁকা চোখে তাকানো ম্যাকার্টনি দস্যুদলেই ভিড়লেন। কোন দলে ভিড়লেন তিনি? আপাতত খবর: রূপালি পর্দার বিখ্যাত ডাকাত জনি ডেপের সঙ্গে দেখা যাবে তাঁকে।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পোস্টারে পল ম্যাকার্টনি
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর পোস্টারে পল ম্যাকার্টনি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস’-এ অতিথি অভিনেতা হিসেবে অভিষেক ঘটবে বিশ্বসেরা এ সংগীতজ্ঞের। গিটার, কি-বোর্ড আর ড্রামে ছুঁয়ে যাওয়া হাত কাজ করবে দস্যুবৃত্তিতে। কিন্তু তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। কেউ কেউ বলছেন, জেলের রক্ষী হিসেবে দেখা যাবে তাঁকে। আবার কেউ বলছেন, ছবিতে তাঁর অংশটি বেশ গুরুত্বপূর্ণ। আলাদাভাবে বড় সেট বানিয়ে শুটিং হয়েছে। ছবিতে তার চাহনি বলছে, পেশাদার সংগীতজ্ঞই শুধু নয়, অভিনেতা হিসেবেও কম যান না ম্যাকার্টনি। অবশ্য জনি ডেপের পাইরেট সিরিজে রক গায়কদের এটাই প্রথম অভিনয় নয়। দ্য রোলিং স্টোনস ব্যান্ডের কিথ রিচার্ডসও অভিনয় করেছিলেন ক্যাপ্টেন টিগ-এর চরিত্রে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, পল কিন্তু কিংবদন্তি ব্যান্ড দ্য বিটলসের চার ছোকরার একজন। রোলিংস্টোন।