গুঞ্জন নয়, সত্যি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকভাবে 'একা' হলেও তিনি যে একা নন, তাঁর প্রমাণ মিলল ইনস্টাগ্রামে
সংগৃহীত

কিছুদিন আগেই আদালত জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে আনুষ্ঠানিকভাবে একা কিম কার্ডাশিয়ান। মার্কিন এই সুপারমডেলের বিবাহবিচ্ছেদ হয়েছে র‍্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে। আনুষ্ঠানিকভাবে 'একা' হলেও তিনি যে একা নন, তাঁর প্রমাণ মিলল ইনস্টাগ্রামে। গত শুক্রবার প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, যা গুঞ্জন ছিল, তা সত্যি বটে! কানিয়ের সঙ্গে বিচ্ছেদের পরে পিটের সঙ্গে প্রেম নিয়ে গুঞ্জন ছিল হলিউডপাড়ায়।

স্যাটারডে নাইট লাইভ তারকার সঙ্গে কিমের দুটি ছবি দেখা গেল ইনস্টাগ্রামে। তার মানে কিম জানিয়ে দিলেন, এখন থেকে তাঁরা জুটি। ইনস্টাগ্রামে দেওয়া ওই ছবিতে বোন ক্লোয়ি কার্ডাশিয়ান মন্তব্য করে লিখেছেন, 'আমি ভালোবাসি এটি।'
২০২১ সালের অক্টোবরে স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে চুমু বিনিময়ের মাধ্যমে প্রথম এই জুটি নিয়ে আলোচনা তৈরি হয়। ওই পর্বে কার্ডাশিয়ানের সঞ্চালনায় অভিষেক হয়। এই জুটি ডিজনির জেসমিন ও আলাদিনের চরিত্রেও জুটি গড়েছিলেন।
এরপর ক্যালিফোর্নিয়াতে রোলারকোস্টারে চড়ার সময় হাত ধরা অবস্থায় ক্যামেরাবন্দী হন এই জুটি। ডেভিডসনের গ্রামের বাড়িতে তাঁরা ছুটিও কাটাতে গিয়েছিলেন। বাহামাতে তাঁরা নতুন বছর উদ্‌যাপন করেন।

ফেব্রুয়ারি মাসে ডেভিডসন মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম স্বীকার করেন, কিম কার্ডাশিয়ান তাঁর প্রেমিকা। এ ছাড়া বিভিন্ন সূত্র বলছে, দুজন দুজনকে দারুণ ভালোবাসেন। সম্প্রতি কার্ডাশিয়ান জানিয়েছেন একটি সাক্ষাৎকারে, হুলুর সিরিজ দ্য কার্ডাশিয়ানস–এ দুজনের প্রেমে পড়া ও ভালোবাসার ব্যাপারগুলো দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি মাসে ডেভিডসন মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম স্বীকার করেন, কিম কার্ডাশিয়ান তাঁর প্রেমিকা
ইনস্টাগ্রাম

মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান এর আগে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী কানিয়ে ওয়েস্টকে। কিম ও কানিয়ে প্রেম শুরু করেছিলেন ২০১২ সালে এবং ইতালিতে ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের ঘরে আছে চার সন্তান। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসার ভেঙে যায় তাঁদের।

কিম কার্ডাশিয়ান