গুপ্ত দুনিয়ার খোঁজে 'হাউ টু ট্রেইন ইওর ড্রাগন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাউ টু ট্রেইন ইওর ড্রাগন সিনেমার একটি দৃশ্য
হাউ টু ট্রেইন ইওর ড্রাগন সিনেমার একটি দৃশ্য

হাউ টু ট্রেইন ইওর ড্রাগন–এর টুথলেসকে ভালোবেসে ফেলেননি, এমন হলিউডপ্রেমী খুব কমই পাওয়া যাবে। শুধু কি টুথলেস? হিকাপ, অস্ট্রিড—পুরো সিরিজটিই যেন চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি ভালোবাসার নাম। আর এবার আরও নতুন উত্তেজনা নিয়ে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড আসতে চলেছে বড় পর্দায়। বরাবরের মতো ড্রিমওয়ার্কস আর ইউনিভার্সাল পিকচার্স নিয়ে আসছে ক্রেসিডা কাওয়েলের বইয়ের ওপরে নির্মিত অ্যানিমেশন মুভিটি।

এবারের ছবির গল্প এগিয়ে যাবে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু–এর পর থেকে। হিকাপ আগের মতোই নিজের সঙ্গী ড্রাগন রাইডারদের নিয়ে দুস্থ ও অসহায় ড্রাগনদের বাঁচিয়ে তোলার কাজ করে যাচ্ছে। ড্রাগন আর মানুষ বন্ধু হিসেবে একে অন্যের সঙ্গে থাকবে—এমনটাই চিন্তা তার। কিন্তু এতে করে ফল হলো উল্টো। হিকাপের বাসস্থানে একটু একটু করে বাস করায় মুশকিল হয়ে পড়ল। এত সমস্যার মধ্যে হিকাপের মাথায় খেলা করল তার বাবা স্টয়িকের কথা। বাবা বলেছিল ড্রাগনদের জন্য একটা গোপন পৃথিবী খুঁজে বের করতে; যেখানে তারা নিজেদের মতো করে খুব ভালো থাকবে। ব্যস! শুরু হয়ে গেল হিকাপের সেই গুপ্ত দুনিয়া খোঁজার অভিযান। সঙ্গী হলো বরাবরের মতো টুথলেস। কিন্তু এমন কোনো জায়গার খোঁজ কি হিকাপ পাবে?

অন্যদিকে ওয়ারলর্ডরা সাদা ড্রাগনকে পাঠিয়েছে টুথলেসকে ধরে আনার জন্য। টুথলেসও এমন বোকা! ঠিক সাদা ড্রাগনেরই প্রেমে পড়ে গেল সে। আর সাদা ড্রাগন? সে তো টুথলেসকে তার মনিবের কাছে নিয়ে যেতে বাধ্য। তাহলে টুথলেস কি আটক হবে? আর হিকাপ? হিকাপ কি টুথলেসকে বাঁচাতে পারবে? নিজেই আবার বন্দী হয়ে যাবে না তো সে শত্রুদের হাতে? এমন নানা রোমাঞ্চকর গল্পের মিশেলে তৈরি হয়েছে এবারের হাউ টু ট্রেইন ইওর ড্রাগন। হিকাপের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জে বারুশেল। সঙ্গে আছেন অস্ট্রিড চরিত্রে আমেরিকা ফেরেরা, খলনায়ক গ্রিমেল চরিত্রে এফ মুর আব্রাহাম, ভলকা চরিত্রে কেট ব্ল্যানচেটসহ আরও অনেকে।

২০১০ সালেই ড্রিমওয়ার্কস থেকে ঘোষণা দেওয়া হয়, হাউ টু ট্রেইন ইওর ড্রাগন অন্তত তিন পর্বের একটি সিরিজ হবে। আর সেটাই এবার হতে চলেছে। ইতিমধ্যেই গত ৩ জানুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ছবিটি। ১২৯ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত ছবিটি মুক্তির আগেই আয় করে নিয়েছে ৪১ মিলিয়ন ডলার। আগামী ২২ ফেব্রুয়ারি পুরো বিশ্বে মুক্তি পাবে এই ছবি। সমালোচকদের মতে, হাউ টু ট্রেইন ইওর ড্রাগ: দ্য হিডেন ওয়ার্ল্ড আগের দুটি চলচ্চিত্রের ধারা বজায় রাখতে সফল হয়েছে। শুধু তা–ই নয়, শেষ অংশে এসে দর্শকদের আবেগতাড়িতও করেছে চলচ্চিত্রটি। সিরিজটির ভক্ত হয়ে থাকলে তাই হতাশ করবে না আপনাকেও!

এবারই শেষ। সব ঠিক থাকলে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন সিরিজটি সমাপ্তি টানবে তৃতীয় পর্বের মাধ্যমেই। খারাপ লাগছে? প্রতীক্ষার অবসানের সঙ্গে সঙ্গে একটু কষ্টও কাজ করছে মনে? সব ভুলে চলচ্চিত্রটি দেখে আসুন আর উপভোগ করুন!

সাদিয়া ইসলাম
রটেন টম্যাটোজ, এম্পায়ার, ভ্যারাইটি অবলম্বনে