‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের কাহিনি নিয়ে এ সিরিজ
‘গেম অব থ্রোনস’ নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। সিরিজটির প্রিকুয়েল আসছে, এটা সবার জানা। ‘হাউস অব দ্য ড্রাগন’ নামে এ সিরিজের কবে প্রিমিয়ার, তা এখনো ঠিক হয়নি। তবে এর লেখক জর্জ আর আর মার্টিন বলেছেন, ইতিমধ্যে প্রিকুয়েলটির প্রথম মৌসুমের শুটিং শেষ হয়েছে।
মার্টিন তাঁর নিজস্ব ব্লগে তিনি ঘোষণা করেছেন যে, ‘হাউস অব দ্য ড্রাগন’–এর শুটিং শেষ। প্রথম মৌসুমে থাকছে ১০টি পর্ব। মার্টিন লিখেছেন, ‘লন্ডন থেকে দারুণ খবর পেলাম। আমি শুনেছি যে “হাউস অব দ্য ড্রাগন”–এর প্রথম মৌসুমের শুটিং শেষ। হ্যাঁ, ১০ পর্ব শেষ। আমি কয়েকটি পর্বের আসল ফুটেজ দেখেছি। আমার পছন্দ হয়েছে। অবশ্যই এখনো অনেক কাজ বাকি। স্পেশাল ইফেক্টস, কালার টিমিং, স্কোরসহ পোস্ট প্রডাকশনের সব কাজ। কিন্তু লেখা, পরিচালনা ও অভিনয় সবকিছু মারাত্মক। আশা করছি আমার মতো আপনাদেরও পছন্দ হবে।’
‘গেম অব থ্রোনস’–এর ৩০০ বছর আগের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রিকুয়েলটি। এ সপ্তাহের শুরুর দিকে এইচবিও থেকে জানানো হয়েছিল, কবে এ সিরিজের প্রচার শুরু হবে তা এখনো নিশ্চিত নয়।
‘হাউস অব দ্য ড্রাগন’ –এর প্রচার শুরু হবে চলতি বছরে, এটা নিশ্চিত। তবে কবে? তা নিশ্চিত নয়। মার্টিনের লেখায়ও প্রচার শুরুর কোনো তথ্য পাওয়া যায়নি।
‘গেম অব থ্রোনস’–এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি। বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’-এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে।