গোপনে জোলির সঙ্গে দেখা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

গুঞ্জন উঠেছে, আবারও নাকি দেখা–সাক্ষাৎ হচ্ছে সাবেক দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। গত বছর সংসার ভাঙার পর থেকে দুজনের সম্পর্কের বেশ অবনতি হয়। তবে এবার শোনা গেল, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কম্বোডিয়া পর্যন্ত ছুটে গিয়েছিলেন এই ‘ট্রয়’ অভিনেতা। সেখানে জোলিও ছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলি সে সময় কম্বোডিয়ায় তাঁর ছবি ফার্স্ট দে কিলড মাই ফাদার-এর শুটিং করছিলেন। ব্র্যাড সন্তানদের অভাববোধ করতে শুরু করলে তিনিও একটা সময় কম্বোডিয়ায় চলে যান, তবে গোপনে। সূত্র জানায়, ব্র্যাড খুব গোপনে বাচ্চাদের সময় দিতে কম্বোডিয়া গিয়েছিলেন। দেশে থাকাকালে বাচ্চারা সিংহভাগ সময়ই ছিল জোলির কাছে। ব্র্যাড অবশ্য শুটিংয়ের পুরো সময় থাকেননি। নিজের ছুটির দিনগুলো তিনি সন্তানদের সঙ্গে কাটিয়েছেন।
ব্র্যাড পিট নাকি উপলব্ধি করেছেন, জোলির সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখাই সন্তানদের জন্য সুখকর হবে। তাঁদের স্বাভাবিক পরিবেশে বড় করার জন্য নতুন করে জোলির সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী তিনি। ব্র্যাড ও জোলির সংসারে রয়েছে ছয় সন্তান। তাঁদের মধ্যে তিনজন দত্তক। এশিয়া নেট ইন্ডিয়া।