গোপনে বিয়ে করেছেন কুচার-মিলা!

তড়িঘড়ি করে অনেকটা গোপনেই বিয়ের পর্ব সেরেছেন হলিউডের তারকা জুটি অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। এই জুটি কিংবা তাঁদের মুখপাত্র এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটে থাকলেও, বিয়ের খবর ফাঁস করেছে ঘনিষ্ঠ একটি সূত্র।
সূত্রটির বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, গত সপ্তাহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ৩৭ বছর বয়সী কুচার ও ৩১ বছর বয়সী মিলা।
‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন মিলা ও কুচার। ২০১২ সালের এপ্রিলে তাঁদের প্রেমের শুরু। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বাগদান সম্পন্ন করেন। তিন মাস পর বাগদানের খবর নিশ্চিত করেন মিলা।
গত বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন মিলা। কুচার ও মিলা তাঁদের প্রথম সন্তানের নাম রাখেন ওয়েট। এদিকে গুঞ্জন উঠেছে, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন মিলা।
মিলার আগে হলিউডের অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন কুচার। কিন্তু চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের খবর ফাঁস হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি মুর। তিনি ২০১২ সালে কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২০১৩ সালের নভেম্বরে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
অন্যদিকে, ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে মিলা কুনিস দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১১ সালে। পরের বছরের এপ্রিলে ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজের সহ-অভিনেতা কুচারের সঙ্গে মিলার প্রেমের খবর চাউর হয়। মিলার মাত্র ১৪ বছর বয়স থেকেই তাঁকে চিনতেন কুচার। ২০১৩ সালের মার্চে তিনি মিলার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। শুধু তা-ই নয়, মিলার বাবা মার্কের সঙ্গে দেখা করে তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতিও চান।