>বছরজুড়েই আলোচনায় ছিল হলিউড তারকাদের প্রেম ও সংসার ভাঙার খবর। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত পুরস্কার ঘরে তোলাসহ ঘটনাবহুল ২০১৬ সাল। নির্বাচিত কিছু খবরে চোখ বুলিয়ে নেওয়া যাক আরও একবার।

নির্বাচনী প্রচারণায় তারকারা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছেন হলিউডের কয়েকজন তারকা। বেশির ভাগ তারকাই ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে। পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, কেটি পেরি, অভিনেত্রী জেমি লি কার্টিস ছিলেন ট্রাম্পের বিপক্ষে। কেউ কেউ তো ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনে পর্যন্ত নেমেছিলেন। মেরিল স্ট্রিপ, টম হ্যাংকস ও সালমা হায়েকের মতো তারকারাও হিলারিকে সমর্থন করেছেন।

ক্যাপ্রিওর অস্কার
পাঁচবার মনোনয়ন পেয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। কপালে অস্কার জুটল ২০১৬ সালে এসে। গত বছর ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডের আসরের সবচেয়ে আলোচ্য বিষয় ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিওর অস্কার প্রাপ্তি। দ্য রেভন্যান্ট ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন এই হলিউড অভিনেতা।

পিট-জোলির বিচ্ছেদ
বছরের সব থেকে আলোচিত ঘটনা ছিল তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ। গত বছরের সেপ্টেম্বর মাসে স্বামী ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেন জোলি। বিশ্বের প্রভাবশালী সব দৈনিকের শিরোনাম হয়েছিল এ খবর। এখনো শেষ হয়নি সেই আলোচিত বিচ্ছেদের আনুষ্ঠানিকতা। সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে এখনো।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ড
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বয়সের ব্যবধান ২২ বছর। ষোলো আনা প্রেমও ছিল। অথচ বিয়ের মাত্র দেড় বছরের মাথায় সংসার গুটিয়ে নিতে হলো তাঁদের। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে বিচ্ছিন্ন হতে চেয়েছেন অ্যাম্বার হার্ড। এই বিচ্ছেদের পেছনে সারা জীবনের উপার্জনের একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে পাইরেট অব দ্য ক্যারিবিয়ান তারকা জনি ডেপকে।

দুই বলিউডকন্যার হলিউডে অভিষেক
বলিউডের দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন বছরজুড়েই ছিলেন আলোচিত। দুই তারকারই গেল বছর হলিউডে অভিষেক হয়েছে। নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল বেওয়াচ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে এ বছর।

তাতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। আর দীপিকা অভিনয় করেছেন ট্রিপল এক্স সিরিজের ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ-এ। এটিও মুক্তি পাবে ২০১৭ সালে।