চলচ্চিত্র পরিচালক ব্র্যাডলি কুপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি কুপার
ব্র্যাডলি কুপার

সবকিছু ঠিক থাকলে এবার ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ তারকা ব্র্যাডলি কুপার নতুন পরিচয়ে পরিচিত হবেন। অভিনেতা ও প্রযোজক কুপার পাবেন চলচ্চিত্র পরিচালকের তকমা। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত হলে ‘এ স্টার ইজ বর্ন’ ছবির তৃতীয় রিমেক পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন ৪০ বছর বয়সী এ তারকা অভিনেতা।
উইলিয়াম ওয়েলম্যান পরিচালিত ‘এ স্টার ইজ বর্ন’ ছবিটি মুক্তি পায় ১৯৩৭ সালে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন জেনেট গেনর ও ফ্রেডরিক মার্চ। জর্জ কাকোরের পরিচালনায় ছবিটির রিমেক মুক্তি পায় ১৯৫৪ সালে। এর প্রধান দুই অভিনয়শিল্পী জুডি গারল্যান্ড ও জেমস মেসন। ১৯৭৬ সালে আবার মুক্তি পায় ‘এ স্টার ইজ বর্ন’ ছবির রিমেক। এটি পরিচালনা করেন ফ্র্যাঙ্ক পিয়েরসন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন ক্রিস ক্রিস্টোফারসন এবং বারবারা স্ট্রেইস্যান্ড।
২০১১ সালে ‘এ স্টার ইজ বর্ন’ ছবির তৃতীয় রিমেক তৈরির দায়িত্ব পেয়েছিলেন ক্লিন্ট ইস্টউড। এতে অভিনয়ের কথা ছিল বিয়ন্স নোলসের। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন বিয়ন্স। তখন ছবিটির কাজ বন্ধ করে ‘জার্সি বয়েজ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইস্টউড। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ভ্যারাইটি ডটকম।
‘এ স্টার ইজ বর্ন’ ছবির তৃতীয় রিমেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার ব্রাদার্স। ব্র্যাডলি কুপার তাঁর টোয়েন্টি টু গ্রিন সংস্থার ব্যানারে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন। ছবির অন্যান্য প্রযোজকেরা হলেন জন পিটার্স, বিলি জার্বার ও বাজিল আইওয়ানিক। ছবির চিত্রনাট্য লিখেছেন উইল ফেটারস।
‘এ স্টার ইজ বর্ন’ ছবির তৃতীয় রিমেক পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে ব্যাডলি কুপারকে। বর্তমানে বিষয়টি নিয়ে ওয়ার্নার ব্রাদার্স ও কুপারের মধ্যে আলাপ-আলোচনা চলছে। অবশ্য ছবিটিতে তিনি অভিনয় করবেন কি না, তা নিশ্চিত নয়। ২০১১ সালে বিয়ন্স নোলস ছবির তৃতীয় রিমেকে অভিনয় করতে পারেননি। এবার তিনি ফিরবেন কি না, তাও স্পষ্ট নয়।
এদিকে জানা গেছে, ছবির প্রধান চরিত্রের জন্য প্রযোজকদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন উইল স্মিথ, টম ক্রুজ, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ক্রিশ্চিয়ান বেলের মতো ঝানু অভিনেতারা।