চলচ্চিত্রে অমল ক্লুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমল ক্লুনির সঙ্গে জর্জ ক্লুনি
অমল ক্লুনির সঙ্গে জর্জ ক্লুনি

গত বছর বিয়ে করেছেন জর্জ ক্লুনি-অমল আলামুদ্দিন । দুজনের জগৎ একেবারেই ভিন্ন। একজন হলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা যার বিচরণ চাকচিক্যে ভরা রুপালি জগতে। আরেকজন আইনজীবী। তবে এবারে সম্ভবত এক জগতের বাসিন্দা হিসেবেই দেখা যাবে এই অভিনেতা আর তাঁর স্ত্রী ব্রিটিশ আইনজীবীকে। সম্প্রতি ওকে ম্যাগাজিনের এক খবরে বলা হয়েছে, রুপালি জগতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন অমল। অভিনয় শিখছেন তিনি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জর্জ ক্লুনির একটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে অভিনয়ের ক্লাস করছেন অমল। অনেক আগেই অমলকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্লুনি। কিন্তু রীতিমতো গবেষণা চালানোর পরই কেবল নতুন কোনো কাজ হাতে নেন অমল। বলা যায়, সে গবেষণার অংশ হিসেবেই অভিনয়ের তালিম নিচ্ছেন অমল। ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে প্রতি সপ্তাহে অভিনয়ের ক্লাস করছেন তিনি। অভিনয় শেখার প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করছেন তিনি।
তবে কি আইন পেশাকে বাদ দিয়ে পুরোদস্তুর অভিনেত্রী হতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই লেবানিজ সুন্দরী? অবশ্য এমন কোনো সম্ভাবনা নেই জানিয়ে এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রটির ভাষ্য, কখনোই পেশা পরিবর্তন করবেন না অমল। জর্জ ক্লুনি যে চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত তার প্রতি অমলের যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি মনে করছেন, চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারটা মজার একটা অভিজ্ঞতাই হবে।
অমল ও জর্জ ক্লুনির প্রেমের খবর প্রথম চাউর হয় ২০১৩ সালের অক্টোবরে। পরবর্তী সময়ে নিউইয়র্ক, তানজানিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। গত বছরের ২৮ এপ্রিল বাগদান এবং ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন জর্জ ক্লুনি ও অমল।
১৯৯৩ সালে অভিনেত্রী টালিয়া বলসমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আর কখনোই বিয়ের পথ মাড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন জর্জ ক্লুনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে করা প্রতিজ্ঞা ভেঙে ইতালির ভেনিসে প্রেমিকা অমলকে বিয়ে করেন ক্লুনি।
দীর্ঘ ৩৬ বছর ধরে অমল আলামুদ্দিন নামেই পরিচিত ছিলেন অমল। বিয়ের পর তিনি নিজের নামের শেষ অংশটি বিসর্জন দেন। নাম পরিবর্তন করে নিজের নাম রাখেন অমল ক্লুনি। অমলের নাম পরিবর্তনের বিষয়টি প্রথম জানা যায় তাঁর লন্ডনভিত্তিক চেম্বারের ওয়েবসাইটে। সেখানে অমল আলামুদ্দিন নাম পাল্টে অমল ক্লুনি লেখেন তিনি।