চলে গেলেন মেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরি টেইলর মুর
মেরি টেইলর মুর

গত শতকের সত্তরের দশকে মার্কিন সিরিজ ‘দ্য মেরি টেইলর মুর শো’ ছিল সেখানকার দর্শকদের ভীষণ প্রিয়। কথা-কৌতুকের কারিশমায় মাতিয়ে রাখা অনুষ্ঠানটির অভিনেত্রী মেরি টেইলর মুর কেড়েছিলেন দর্শকের হৃদয়। গতকাল বুধবার ৮০ বছর বয়সে কানেকটিকাটের একটি হাসপাতালে মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন মেরি। ২০১১ সালে তাঁর মস্তিষ্কে করা হয়েছিল একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার। মেরির দীর্ঘদিনের মুখপাত্র মারা বাক্সবাউম এক বিবৃতিতে জানিয়েছেন, স্বামী ড. এস রবার্ট লেভাইন ও বন্ধুদের ছেড়ে চলে গেছেন প্রিয় আইকন মেরি টেইলর মুর। তাঁকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে তা খুলে ফেলা হয়।
১৯৬১ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত প্রচারিত হয় ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’। সেটিই খ্যাতি এনে দিয়েছিল মেরিকে। এরপর ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তাঁর ঝলমলে উপস্থিতি ছিল ‘দ্য মেরি টেইলর মুর শো’-তে। ‘অরডিনারি পিপল’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৮০ সালের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান তিনি। সাতবার জিতেছিলেন অ্যামি, পে​য়েছিলেন আরও নানা পুরস্কার। টিএমজে