চলে গেলেন সা সা গ্যাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সা সা গ্যাবর
সা সা গ্যাবর

হলিউডের ৫০ দশকের আলোচিত অভিনেত্রী সা সা গ্যাবর আর নেই। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারে নিজ বাড়িতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। প্রায় পাঁচ বছর ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে মাঝে কয়েকবার সুস্থ হয়ে উঠলে লাইফ সাপোর্ট খুলে স্বাভাবিক জীবন যাপন করতেন তিনি।

গতকাল মৃত্যুর পরই সা সা গ্যাবরের স্বামী ফেডেরিক প্রিন্স ফন আনহাত এ খবরটি জানান এএফপিকে। তিনি বলেন, মৃত্যুর সময় তাঁর পাশে পুরো পরিবার ছিল। সবাই ছিল তাঁর সঙ্গে।

১৯১৭ সালের ফেব্রুয়ারিতে হাঙ্গেরিতে জন্ম নেন সা সা গ্যাবর। ১৯৩৬ সালে তিনি জেতেন ‘মিস হাঙ্গেরি’-এর মুকুট। এর পরপরই যুক্তরাষ্ট্রে এসে তিনি অভিনয়ে নাম লেখান। প্রায় ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৫২ সালের ‘মুলা হুশ’ ছবিটি তাঁর অভিনয়জীবনের অন্যতম সফল ছবির একটি। তবে অভিনয়ের চেয়ে বেশি তাঁর ব্যক্তিজীবন ও তারকাসুলভ বিলাসী জীবনযাপনের জন্য সা সা আলোচিত ছিলেন। ৯ বার বিয়ে করেছেন তিনি। তবে তিনি বলতেন, তাঁর বিয়ে হয়েছে সাড়ে ৮ বার। কারণ, ১৯৮২ সালে স্প্যানিশ ব্যবসায়ীকে তিনি বিয়ে করেছিলেন, তা আইনিভাবে বৈধ ছিল না। বিয়ের মাস খানেক না পেরোতেই সা সার বিচ্ছেদ হয়ে যায়। সা সার বর্তমান স্বামী ফেডেরিককে তিনি বিয়ে করেন ১৯৮৬ সালে। এএফপি, বিবিসি।