চলে গেলেন 'গান্ধী' নির্মাতা রিচার্ড অ্যাটেনবরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড অ্যাটেনবরো ছবি : রয়টার্স
রিচার্ড অ্যাটেনবরো ছবি : রয়টার্স

‘গান্ধী’খ্যাত চলচ্চিত্রনির্মাতা অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। পাঁচ বছর আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। অ্যাটেনবরোর ছেলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৯১তম জন্মদিনের মাত্র পাঁচ দিন আগে চলে গেলেন অস্কারজয়ী এই বর্ষীয়ান চলচ্চিত্র ও নাট্যব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ব্রাইটন রকে তাঁর অভিনয় অসাধারণ। “গান্ধী” ছবিতে তাঁর পরিচালনা অবিস্মরণীয়।’
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতে অ্যাটেনবরোর অসামান্য কৃতিত্ব তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র সমালোচকেরা বলে থাকেন, ‘ব্রাইটন রক’, ‘দ্য ফ্লাইট অব ফিনিক্স’-এ অসামান্য অভিনয় করেছিলেন অ্যাটেনবরো। ‘জুরাসিক পার্কে’ও তাঁর অনবদ্য অভিনয় সবাইকে কাছে টেনেছিল। ‘জুরাসিক পার্কে’র চরিত্রটিতে তাঁর সহজাত অভিনয়শৈলীর প্রভাবে চলচ্চিত্র দর্শকমাত্রই চমত্কৃত হয়েছেন।
পরিচালক হিসেবে ‘গান্ধী’ ছিল তাঁর পঞ্চম ছবি। চলচ্চিত্র হিসেবে ‘গান্ধী’ই তাঁকে এনে দিয়েছিল বিরল সম্মান। আট-আটটি অস্কার জিতেছিল এই ছবি, যা ব্রিটেনের চলচ্চিত্রের ইতিহাসে একটি রেকর্ড। অ্যাটেনবরো এ ছবি পরিচালনার কারণে পেয়েছিলেন সেরা পরিচালকের অস্কার।
ছোটখাটো গোল মুখের এই প্রায় নিভৃতচারী মানুষটি হলিউড এবং ব্রিটেনের চলচ্চিত্র ও নাটকে যে দীর্ঘ পদচ্ছাপ রেখে গেলেন, তার আকার অতিকায়; আর তাঁর এই শূন্যতা অপূরণীয়।

 অ্যাটেনবরোর মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমের কাছে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্র জগতে তাঁর সহযোদ্ধারা।

‘গান্ধী’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বেন কিংসলে অ্যাটেনবরো সম্পর্কে বলেন, ‘আমি তাঁকে প্রিয় মানুষের মতো খুব মিস করব।’ তিনি বলেন, ‘তিনি যখন আমাকে “গান্ধী” ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা ছিল আমার জন্য খুবই আনন্দের বিষয়। তিনি আমার ওপর সত্যিকারের আস্থা রেখেছিলেন। আমিও তাঁর ওপর সত্যিকারের আস্থা রাখি এবং তাঁকে ভালোবাসতে শুরু করি।’

বিখ্যাত চলচ্চিত্র ‘জুরাসিক পার্কে’র পরিচালক স্টিভেন স্পিলবার্গ বলেছেন, ‘অ্যাটেনবরো জীবনের সবকিছুতেই খুবই উত্সাহী ছিলেন।’

অভিনেত্রী মিয়া ফ্যারো বলেছেন, ‘রিচার্ড অ্যাটেনবরোর মতো দয়ালু মানুষ আমি খুব কমই দেখেছি। তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তিনি ছিলেন সত্যিকারের রাজপুত্র।’ তাঁর আত্মার শান্তি কামনা করেন মিয়া ফ্যারো।

১৯২৩ সালে ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন বিখ্যাত অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবরো। মাত্র ১২ বছর বয়সে অভিনয় শুরু তাঁর। তবে ১৮ বছর বয়সে পেশাদার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

১৯৪৫ সালে শেইলা সিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাটেনবরো। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলের নাম মাইকেল। দুই মেয়ের নাম জেইন ও শারলোট।

রিচার্ড অটেনবরো অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ইন হুইল উই সার্ভ’ (১৯৪২), ‘ব্রাইটন রক’ (১৯৪৭), ‘দ্য লিগ অব জেন্টলম্যান’ (১৯৬০), ‘দ্য গ্রেট  এস্কেইপ’ (১৯৬৩), ‘ডক্টর ডলিটল’ (১৯৬৭), ‘টেন রিলিংটন প্লেস’ (১৯৭১), ‘জুরাসিক পার্ক’ (১৯৯৩), ‘মিরাকল অন থার্টি ফোর্থ’ (১৯৯৪), ‘এলিজাবেথ’ (১৯৯৮) প্রভৃতি।

অন্যদিকে অ্যাটেনবরো পরিচালিত ছবির মধ্যে ‘ইয়াং উইনস্টন’ (১৯৭২), ‘গান্ধী’ (১৯৮২), ‘অ্যা কোরাস লাইন’ (১৯৮৫), ‘ক্রাই ফ্রিডম’ (১৯৮৭), ‘চ্যাপলিন’ (১৯৯২), ‘শ্যাডোল্যান্ডস’ (১৯৯৩), ‘ইন লাভ অ্যান্ড ওয়ার’ (১৯৯৬), ‘গ্রে আওল’ (১৯৯৯) প্রভৃতি উল্লেখযোগ্য।