চলে গেলেন 'গান্ধী'র স্রষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড অ্যাটেনবরো, ২৯ আগস্ট ১৯২৩—২৪ আগস্ট ২০১৪
রিচার্ড অ্যাটেনবরো, ২৯ আগস্ট ১৯২৩—২৪ আগস্ট ২০১৪

আর কদিন পরেই ছিল ৯১তম জন্মদিন। কিন্তু নাতিপুতিদের সঙ্গে হইচই করে কেক কাটার পাঁচ দিন আগেই সবাইকে শোকসাগরে ভাসালেন রিচার্ড অ্যাটেনবরো। গত রোববার লন্ডনে মারা গেছেন এই বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা। অ্যাটেনবরো বিখ্যাত হয়ে আছেন ১৯৮৩ সালে মুক্তি পাওয়া তাঁর নির্মিত ছবি গান্ধীর কারণে। ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে আট-আটটি অস্কার জিতেছিল এই ছবি। সেরা পরিচালক ও প্রযোজকের জোড়া অস্কার উঠেছিল তাঁর হাতে।
বার্ধক্যের কারণে কয়েক বছর ধরেই রোগশোকে ভুগছিলেন। অ্যাটেনবরোর চলে যাওয়া হয়তো খুব অপ্রত্যাশিতও কিছু নয়। তবে গার্ডিয়ান যেমন তাদের শোকবার্তায় লিখেছে: কিছু কিছু শূন্যতা পূরণ হওয়ার নয়।
চারটি করে বাফটা ও গোল্ডেন গ্লোব জেতা অ্যাটেনবরো অভিনেতা হিসেবে ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন ব্রাইটন রক, গ্রেট এসকেপ, মিরাকল অন থার্টিফোরথ স্ট্রিট, জুরাসিক পার্ক-এর জন্য। সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছেন তাঁর শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে।
তবে ইতিহাস তাঁকে মনে রাখবে গান্ধীর জীবন অসামান্য দক্ষতায় রুপালি পর্দায় তুলে আনার জন্য। সেই ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করা স্যার বেন কিংসলি তাঁর শোকবার্তায় বলেছেন, ‘গান্ধী ছিল তাঁর কুড়ি বছর ধরে লালন করে চলা একটা স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি আমার ওপর আস্থা রেখেছিলেন। এটা ছিল সম্মানের, গর্বের।’
কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ বলেছেন, ‘জুরাসিক পার্ক-এ ডাইনোসরদের আবার জীবন্ত করে তোলার জন্য তিনিই ছিলেন সবচেয়ে সার্থক রিং মাস্টার।’
অ্যাটেনবরোর মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স।

রিচার্ড অ্যাটেনবরোর হাতে জোড়া অস্কার, ১৯৮৩
রিচার্ড অ্যাটেনবরোর হাতে জোড়া অস্কার, ১৯৮৩
সত্যজিৎ রায় পরিচালিত শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে রিচার্ড অ্যাটেনবরো
সত্যজিৎ রায় পরিচালিত শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে রিচার্ড অ্যাটেনবরো
অ্যাটেনবরো পরিচালিত গান্ধী ছবির দৃশ্য
অ্যাটেনবরো পরিচালিত গান্ধী ছবির দৃশ্য
জুরাসিক পার্ক ছবিতে জন হ্যামন্ডের ভূমিকায়
জুরাসিক পার্ক ছবিতে জন হ্যামন্ডের ভূমিকায়