চুরি নিয়ে চিন্তিত নন প্যালট্রো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রো

মস্ত বড় এক চুরির ঘটনা ঘটেছিল হলিউডের তারকা অভিনেত্রী গিনেথ প্যালট্রোর দোকানে। যদিও অনেকেই এই চুরি বিপত্তিতে চিন্তিত, কিন্তু প্যালট্রোকে যখন তাঁর মা এই চুরি বিষয়টি জানিয়েছিলেন, তাঁর সাফ জবাব ছিল, ‘ব্যাপার না মা, এই সুযোগে প্রচারটা তো হয়ে গেল!’

‘আয়রন ম্যান’ তারকা হলিউডের অভিনেত্রী গিনেথ প্যালট্রোর দোকানে এক চুরির ঘটনা ঘটেছিল প্রায় মাস খানেক আগে। সে ঘটনা নিয়ে নতুন করে আবারও তথ্য চেয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের কলম্বাস সার্কেলে গত নভেম্বর মাসে ৪৩ বছর বয়সী এই তারকা অভিনেত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি দোকান খুলেছিলেন। দোকান খোলার মাত্র সপ্তাহখানেক পরেই চোরদের কুনজরে পড়েছিল এটি। নিউ ইয়র্ক ডেইলি নিউজের দেওয়া তথ্যমতে, প্রায় ১ লাখ ৭৩ হাজার ইউএস ডলার সমমানের পণ্য নিয়ে সটকে পড়েছিল তারা।

তদন্তের দায়িত্বে থাকা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা এবার সন্দেহভাজন দুজনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে। এর পাশাপাশি চুরি রহস্যের সমাধানের জন্য নতুন করে তথ্য চেয়েছে।

এদিকে, চুরির ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এমনকি বড়দিনেও গিনেথের এই দোকানটি বন্ধ ছিল।


অভিনেত্রী গিনেথ প্যালট্রোর মা ব্লিথ ড্যানার ঘটনার পর মুখ খুলেছিলেন। সবাইকে অবাক করে দিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর মেয়ে নাকি এই চুরির ঘটনায় মোটেই বিচলিত নন! তিনি বলেছেন, ‘ঘটনা শোনামাত্রই ওকে আমি ফোন করেছিলাম। ও তখন বলেছিল, ‘ব্যাপার না, মা। ভেবে দেখো, এই সুযোগে বিনে পয়সায় আমার প্রচারণা হয়ে গেল!’

তিনি আরও যোগ করেন, ‘সবকিছুকে হাসিমুখে নেওয়ার ওর (গিনেথের) এই যে প্রবণতা এবং কোনো কিছু করার যে দৃঢ়সংকল্প মনোভাব, আমার এটা খুব ভালো লাগে।’ টাইমস অব ইন্ডিয়া।