চুল তাঁর হারাবার!

‘চুল তার কবেকার...।’ কিরা নাইটলিকে ভুল করেও এই কবিতা শোনাতে যাবেন না যেন। খেপে গিয়ে বেচারি বলবেন, ‘থামুন, চুল হারানো নিয়ে টেনশন করতে করতে দিশা পাচ্ছি না আর অন্ধকার বিদিশার নিশা!’ ভাবুন তো একবার, হলিউডের সবচেয়ে সুন্দরীদের একজন, তাঁর কিনা টেকো মাথা!
না, টাক পড়ে যায়নি পুরোটা। তবে গত কয়েক বছরে ব্যাপক হারে চুল পড়ছে তাঁর। এতটাই, পাঁচ বছর ধরেই পরচুলা ব্যবহার করছেন নাইটলি।
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে গিয়েই হয়েছে সর্বনাশ, ‘ভিন্ন ভিন্ন ছবির জন্য আমাকে একাধিকবার চুলের রং পাল্টাতে হয়েছে। এর খেসারত দিচ্ছি। চুল ঝরে যাচ্ছে। পাঁচ বছর ধরেই পরচুলা ব্যবহার করছি।’
নিজের চুলের জন্য মায়াও হয় তাঁর। নাইটলি মনে করেন, মা হওয়ার পর এর একটা প্রভাব পড়েছে, ‘কী যে সুন্দর, কোঁকড়ানো চুল ছিল আমার। বাচ্চা হওয়ার পর ১০ গুণ পাতলা হয়ে গেছে।’ আইএএনএস।