চোখের সামনে মনরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিলিন মনরো
মেরিলিন মনরো

বয়স ৯০ হলো আজ। কিন্তু এরপরও মেরিলিন মনরোর সেই লাল ঠোঁটের বাঁকা হাসিতে পড়েনি বার্ধক্যের ছাপ। তিনি আটকে আছেন সেই ছত্রিশেই। মেরিলিন মনরো এখনো এতটাই প্রাসঙ্গিক যে আজও একটা লিপস্টিক থেকে শুরু করে তাঁর পুরোনো প্রেমিককে লেখা সবই উঠে আসে খবরের শিরোনামে। এই যেমন আজ তাঁর ৯০তম জন্মদিনে ‘মেরিলিন মনরো : দ্য লিগেসি অব লিজেন্ড’ নামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চোখের সামনে আবারও জীবন্ত হয়ে উঠেছেন ষাটের দশকের সেই হলিউডের স্বপ্নকন্যা।

প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো
প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো

যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে প্রদর্শনীটি। প্রদর্শনীতে স্থান পেয়েছে মনরোর ব্যবহৃত অনেক প্রয়োজনীয় ও দুর্লভ বস্তু। জুলিয়ান’স নামে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক নিলামকারী প্রতিষ্ঠান এ প্রদর্শনীর আয়োজন করেছে। তাঁরা জানিয়েছে, এতে প্রদর্শিত মনরোর স্মৃতিচিহ্নগুলো নিলামে বিক্রিও করা হবে।

প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো
প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো

১৯৪৭ সালে মনরোর ব্যবহৃত রেভলন ব্র্যান্ডের একটি লিপস্টিক স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আশা করা হচ্ছে, লিপস্টিকটি নিলামে সাড়ে ১৩ হাজার পাউন্ডে বিক্রি করা যাবে। মনরোর ভক্তরা ২০ জুন পর্যন্ত লন্ডনের ডিজাইন সেন্টারে গিয়ে কাছ থেকে দেখতে পারবেন স্বপ্নের তারকার কাছের জিনিসগুলোকে। প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে মনরোর ব্যবহৃত পাথর বসানো কার্ড কেস ও চিরুনির সেট, একটা গুচি ফোনবুক (এতে ষাটের দশকের হলিউডের বড় তারকাদের ঠিকানা ও ফোন নম্বর লেখা আছে), ৭১টি হিরাখচিত একটি হাতঘড়ি, মনরোর ব্যবহৃত গয়না, পোশাক, জুতাসহ তাঁর দৈনন্দিন ব্যবহারের প্রায় ৫০০ জিনিস।

প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো
প্রদর্শনীতে স্থান করে নেওয়া মনরোর ব্যবহার্য জিনিসগুলো

১৯২৬ সালের ১ জুন নরমা জিন মরটেনসন নামে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন মেরিলিন মনরো। ১৯৬২ সালে (৫ আগস্ট) তিনি যখন খ্যাতির শীর্ষে, তখন মাত্র ৩৬ বছর বয়সে মারা যান হলিউডের এই কিংবদন্তি। সূত্র : টেলিগ্রাফ ইউকে

মেরিলিন মনরো
মেরিলিন মনরো