চোখ এখন কানের দিকে

ফরাসি দেশের কান শহরের উৎসবটি নিয়ে প্রতিবছরই মানুষের একটা বড় আগ্রহের জায়গা, লালগালিচায় এবার কারা কারা হাঁটছেন? বিশেষ করে, ঐশ্বরিয়া রাই কানে হাঁটা শুরুর পর থেকে বলিউড সুন্দরীদের সেখানে যাওয়া যেন রীতিমতো একটা ‘প্রেস্টিজ ম্যাটার’! এগুলো সবই কানের জৌলুশের অংশ। সঙ্গে যোগ আছে বাণিজ্যেরও।
কিন্তু সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে কান তো এক তীর্থভূমি। সামনের বছরটির জন্য দুনিয়াজুড়ে সেরা কোন ছবিগুলো নির্মিত হয়েছে, সেটা জানতে হলেও কানের দিকে তো চোখ রাখতে হয়!
১২ দিনের উৎসবে অনেক ইভেন্টের ভিড়ে চলচ্চিত্রপ্রেমীরা মূলত খবর রাখেন কান উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে বাছাই করা (অফিশিয়াল সিলেকশন) ছবির বিভাগগুলোর দিকে। প্রতিযোগিতা বিভাগের (ইন কম্পিটিশন) ছবিগুলো থেকেই যেহেতু পাম দ’র ও গ্রাঁ পির মতো পুরস্কারগুলো দেওয়া হয়, তাই এ বিভাগের ছবিগুলো থাকে মনোযোগের কেন্দ্রে।
সেরা ছবির লড়াই
এ বছর প্রতিযোগিতা বিভাগে আছে ১৯টি ছবি। এর মধ্যে একটি ছবি জার্মান পরিচালক ফাতিহ আকিনের ইন দ্য ফেড। ২০০৭ সালের দ্য অ্যাজ অব হেভেন ছবির জন্য কানে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতেছিলেন তিনি। মার্কিন নির্মাতা সোফিয়া কপোলার দ্য বিগাইলড ছবিটিও আছে এ বিভাগে। কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার এই কন্যার সামহোয়্যার ছবিটি ২০১০ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছিল। আছে নোয়াহ বোমবাকের দু মায়োরিদজ স্টোরিজ (নিউ অ্যান্ড সিলেকটেড)। তাঁর গ্রিনবার্গ ছবিটি ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’-এর মনোনয়ন পেয়েছিল। বাকি ছবিগুলোও বাঘা বাঘা পরিচালকের। বোঝাই যাচ্ছে, প্রতিবারের মতো এবারও হবে হাড্ডাহাড্ডি লড়াই।
অন্য দৃষ্টিকোণ ও বিশেষ প্রদর্শনী
অফিশিয়াল সিলেকশনের আরেকটি বিভাগ ‘আঁ সার্তেন রিগার্দ’। এ বিভাগে প্রচলিত ধারণার বাইরে কিছু ছবি দেখানো হয়। বিভাগটির নামের বাংলা করলে অনেকটা এ রকম হয়, ‘অন্য দৃষ্টিকোণ’। এ বছর ১৭টি ছবি আছে এ বিভাগে। বিশেষ প্রদর্শনী (স্পেশাল স্ক্রিনিংস) বিভাগে এবার আছে ১০টি ছবি। এ বিভাগের ছবিগুলোর থাকে আলাদা পরিচয়সূত্র।
প্রতিযোগিতার বাইরে
আরেকটি বিভাগের নাম ‘আউট অব কম্পিটিশন’। মূল প্রতিযোগিতার ভেতর না থাকলেও বিভাগটি বেশ সম্মানজনক। এবার আছে বিখ্যাত ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কির নতুন ছবি বেজড অন আ ট্রু স্টোরি।
কান ক্ল্যাসিকস
প্রতিবছর কান কর্তৃপক্ষ চলচ্চিত্রের ঐতিহ্যকে সম্মান জানিয়ে কিছু ছবি এ বিভাগে প্রদর্শন করে। গত বছর এ বিভাগে দেখানো হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত এ জে কারদারের উর্দু ছবি জাগো হুয়া সাভেরা। ১৯৫৯ সালে ছবিটির শুটিং হয়েছিল বর্তমান বাংলাদেশে। এ বছর কান ক্ল্যাসিকসে আছে ২৮টি ছবি। এর মধ্যে আছে মাইকেলেঞ্জেলো আন্তোনিওনির ব্লো আপ ছবিটিও।