চোর ধরে ফেললেন টম হার্ডি

রোববার বিকেল বেলা। উত্তর-পশ্চিম লন্ডনের রিচমন্ড এলাকার একটি রাস্তায় হাঁটছেন হলিউড অভিনেতা টম হার্ডি। হঠাৎ টমের চোখ আটকে যায় একদিকে। তিনি দেখেন, দুই যুবক একটি মোটরবাইক চুরি করে পালাচ্ছেন। এ সময় সেই বাইকটি ধাক্কা খায় একটি গাড়ির সঙ্গে। দুই চোর বাইক রেখেই দৌড়ে পালাতে চাইছিলেন, এটি দেখে টম রাগে-ক্ষোভে ফেটে পড়েন। চোর ধরতে দেন ভোঁ দৌড়। ব্যস, চোরেরা আর পালায় কোথায়! একজনকে হাতেনাতে ধরে ফেলেন টম।
এমন দৃশ্যের দৃশ্যায়ন করতে গিয়ে পরিচালকের ঠিক এই মুহূর্তেই ‘কাট’ বলার কথা ছিল। কিন্তু পরিচালক এখানে অনুপস্থিত। কারণ, এটা তো কোনো সিনেমার শট ছিল না। একেবারেই বাস্তব। পুলিশ জানায়, লন্ডনে মোটরবাইক চুরির অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে। তাঁকে ধরতে সাহায্য করেছেন টম হার্ডি। অভিযুক্ত ছেলেটির বয়স ১৬ বছর। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সাক্ষী এ ঘটনার বর্ণনাও করেছেন। অবশ্য টম এ ব্যাপারে মুখ খুলতে একেবারেই নারাজ। টম হার্ডিকে শেষ দেখা গেছে দ্য রেভেন্যান্ট ছবিতে।
সূত্র: বিবিসি