ছবির প্রচারে ভারতে আসবেন ভিন ডিজেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন ডিজেল
ভিন ডিজেল

নিজের ছবির প্রচারে ভারতে আসার কথা শোনা যাচ্ছে হলিউড তারকা ভিন ডিজেলের। ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির প্রচারের জন্য তাঁকে আনা হতে পারে বলে জানিয়েছে ছবিটির প্রচার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের হলিউড অভিষেক ঘটবে ছবিটি দিয়ে। ছবিটি ভারতে সরবরাহ ও প্রচারের দায়িত্ব নিয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করেছেন ভিন ডিজেল, ডনি ইয়েন, টনি জা ও দীপিকা পাড়ুকোন। যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে ২০ জানুয়ারি।
ভায়াকম ১৮ মোশন পিকচার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) অজিত আন্দ্রে পিটিআইকে বলেন, ‘ছবি প্রচারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দীপিকা ও ভিন টুইটারে প্রচার করছেন। ভারতে ছবিটি মুক্তির দিন ঘনিয়ে এলে আমরা মাঠপর্যায়ের প্রচার শুরু করব। আগে আমরা টম ক্রুজকে নিয়ে এসেছিলাম “মিশন ইম্পসিবল ফোর”-এর প্রচারে। আমরা ভিন ডিজেলকে আনার চেষ্টা করছি। যদি আমরা পাই, তবে আমরা দারুণ রোমাঞ্চিত হব।’
‘মিশন ইম্পসিবল’-এর চতুর্থ পর্ব ‘মিশন ইম্পসিবল ফোর’ মুক্তির সময় উদ্বোধনী প্রদর্শনীতে টম ক্রুজ মুম্বাই এসেছিলেন। ছবিতে অনিল কাপুর একটি বিশেষ মুহূর্তে ছিলেন। ছবিটি ভারতে উদ্বোধনী প্রদর্শনীর বিষয়ে অজিত বলেন, ‘পরিকল্পনা আছে, তবে তাঁরা এখনো বিষয়টি নিশ্চিত করেনি। অনেক দেশেরই ছবিটি উদ্বোধনী প্রদর্শনীর পরিকল্পনা আছে। এটা অনেক বড় একটি ছবি। সুতরাং আমাদের আছে অনেক পরিকল্পনা। এটা আন্তর্জাতিক ছবি। অনেক দেশেই ছবিটির চাহিদা আছে। ভারতকে চীন, জাপান ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে।’ মিড ডে