জন্মদিনে গ্রেপ্তার হলেন জেন

‘ক্লুট’ (১৯৭১) ও ‘কামিং হোম’ (১৯৭৮) ছবিতে অভিনয় করে দুবার অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডার ৮২তম জন্মদিন ছিল গতকাল শনিবার। আর জন্মদিনেই পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে পরিবেশ আন্দোলনের জন্য গ্রেপ্তার করা হয় তাঁকে। ইয়াহুর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আগেই ‘ফায়ার ড্রিল ফ্রাইডেসের’ এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, এই আন্দোলনে যোগ দেবেন জেন ফন্ডা। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগেই জয়বায়ু পরিবর্তনবিষয়ক ওই মার্চে ‘শুভ ৮২তম জন্মদিন জেন’ লেখা একটা ব্যানারের সামনে ভাষণ দেন। শনিবারের সেই ‘জলবায়ু বাঁচাও’ আন্দোলন শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হার্ট সিনেট ভবনের সামনে থেকে ১৩৮ জন আন্দোলনকারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে।
‘গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি’, ‘জুলিয়া’ বা ‘দ্য চায়না সিনড্রোম’-খ্যাত এই তারকাকে যখন গ্রেপ্তার করা হয়, তখনো আন্দোলনকারীরা ‘হ্যাপি বার্থডে জেন’ বলে স্লোগান দিচ্ছিলেন। তিনি হাসিমুখেই সবাইকে হাত নেড়ে পুলিশের সঙ্গে প্রিজন ভ্যানে ওঠেন। জেনকে গ্রেপ্তারের সময় তাঁর গায়ে ছিল লাল জ্যাকেট, লাল টুপি আর লাল রোদচশমা।
এর আগে চলতি বছরের অক্টোবরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার ‘অপরাধে’ এই অভিনেত্রীকে আটক করেছিল পুলিশ। সেবারও উজ্জ্বল লাল রঙের ওভারকোট পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেন। শনিবারের গ্রেপ্তারের খবরও ফায়ার ড্রিল ফ্রাইডেসের এক টুইট থেকে জানা যায়। কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে জেন ফন্ডার গ্রেপ্তারের ছবি দিয়ে বলা হয়, ‘মাত্রই জেন ফন্ডাকে পঞ্চমবারের মতো “নো নিউ ফসিল ফুয়েলস” ও “গ্রিন নিউ ডিলের” দাবিতে গ্রেপ্তার করা হয়েছে।’ দীর্ঘদিন ধরেই তিনি জীবশ্মা জ্বালানির বিরুদ্ধে ও সবুজায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছেন।
শনিবার রাতেই পুলিশ জেন ফন্ডাসহ আরও ১৩৫ জনকে ছেড়ে দেয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেবল দুজনকে হাজতে রাত কাটাতে হয়েছে।