জন্মদিনে বাবাকে মিডোর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা পল ওয়াকারের সঙ্গে ছোট্ট মিডো
বাবা পল ওয়াকারের সঙ্গে ছোট্ট মিডো

মিডো— অকালপ্রয়াত অভিনেতা পল ওয়াকারের এই মেয়েটি সব সময়ই ছিল বাবার ন্যাওটা। বাবার ‘ছোট্ট মেয়ে’ হিসেবেই ওর ছবি বেরিয়েছে পত্র-পত্রিকায়। ১২ সেপ্টেম্বর ছিল হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারের ৪২ তম জন্মদিন। সেদিন ইনস্টাগ্রামে বাবার সঙ্গে শৈশবে তোলা একটি ছবি পোস্ট করেছে মিডো। ছবিটা দেখলে যে কারও বুকই শোকে বিদীর্ণ হয়ে যাবে। যারা ভুলে গেছেন, তাঁদের মনে করিয়ে দেওয়া দরকার, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকার ২০১৩ সালের নভেম্বর মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিজ সংস্থার একটি দাতব্য কাজে যাওয়ার সময় ক্যালিফোর্নিয়ার ভ্যালেন্সিয়ায় এই দুর্ঘটনা ঘটে। তখন গাড়ি চালাচ্ছিলেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকার বন্ধু-পরামর্শক রজার রোডাস। তারকার ভক্ত ও বন্ধুরা মৃত্যুর পরও পল ওয়াকারের জন্মদিন পালন করে আসছেন।
মিডো এখন ষোড়শী। বাবার মতোই নীল ওর চোখ। মিডো তার ছবির ক্যাপশনে লিখেছে, ‘ছবিতে বাবারই প্রতিফলন যেন আমি। একেবারে বাবার মতো। বাবার মতো বলেই তাঁর সব ধরনের ইচ্ছে আর অদম্য ভালোবাসাও আমার মনে প্রতিফলিত হয়। বাবার ভালোবাসা ছিল সমুদ্রের প্রতি, বাবার ভালোবাসা ছিল হারানো প্রাণী খুঁজে বেড়ানোয়, তাকে পথ দেখানোয়; তাঁর ভালোবাসা ছিল মানুষকে সাহায্য করায়।’
মিডো বলেছে, ‘আমি বাবার নামে ফাউন্ডেশন করতে চাই। তাঁর জন্মদিনেই ‘পল ওয়াকার ফাউন্ডেশন’-এর শুরু হচ্ছে, এটা আমাকে দারুণ আনন্দ দিচ্ছে। বাবার জন্মদিন পালনের জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’
বাবা পল ওয়াকারের নামে করা এ ফাউন্ডেশন কী কাজ করবে, সেটাও জানিয়েছে মিডো। সমুদ্র বাঁচানো, প্রাণীদের রক্ষা করা, মানুষকে রক্ষা করার স্বার্থে কাজ করবে ফাউন্ডেশন। ইউএস উইকলি।