জর্জ ক্লুনি-অমল ক্লুনির বিচ্ছেদের খবর স্রেফ গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমল ক্লুনির সঙ্গে জর্জ ক্লুনি
অমল ক্লুনির সঙ্গে জর্জ ক্লুনি

সম্প্রতি টাচ ম্যাগাজিনের একটি খবরে দাবি করা হয়, বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও ব্রিটিশ আইনজীবী অমল ক্লুনি। এর পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন ক্লুনি-অমলের মুখপাত্র স্ট্যান রোজেনফিল্ড। তিনি জানিয়েছেন, ক্লুনি ও অমলের মধ্যে সব ঠিকঠাক আছে। তাঁদের বিচ্ছেদের খবরটি মিথ্যা ও বানোয়াট। 

এ প্রসঙ্গে স্ট্যান রোজেনফিল্ড বলেন, ‘পত্রিকার বিক্রি বাড়ানোর জন্যই মনগড়া এই গল্প রটানো হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এইসশোবিজ ডটকম।

এর আগে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাচ ম্যাগাজিনের খবরে বলা হয়, হলিউড ও ক্লুনির বেশ কয়েকজন বন্ধুর প্রতি অমলের তাচ্ছিল্য, ক্লুনির ওপর অমলের খবরদারি এবং সন্তান নেওয়ার ব্যাপারে অমলের অনীহার কারণে এই জুটির কাছের বন্ধুরা মনে করছেন, অমল ও ক্লুনির মধ্যে খিটিমিটি বেধেছে।

অমল ও ক্লুনির প্রেমের খবর প্রথম চাউর হয় ২০১৩ সালের অক্টোবরে। পরবর্তী সময়ে নিউইয়র্ক, তানজানিয়া ও সিসিলি দ্বীপপুঞ্জে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। গত বছরের ২৮ এপ্রিল বাগদান এবং ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন জর্জ ক্লুনি ও অমল ক্লুনি।