জর্জ লুকাসের কাঠমিস্ত্রি!

হলিউডের তারকা অভিনেতা হ্যারিসন ফোর্ড। ‘ইন্ডিয়ানা জোনস’ খ্যাত এই অভিনেতার অভিনয়ের শুরু তাঁর কলেজজীবনেই। কিন্তু অভিনয়ে তেমন কোনো সাফল্য ও সুযোগ না পাওয়ায় একটা সময়ে বাধ্য হয়ে তিনি কাঠমিস্ত্রির কাজ শিখেছিলেন! শুধু তাই নয়, বিখ্যাত নির্মাতা জর্জ লুকাসের জন্য আলমারি বানিয়েছিলেন ‘ইন্ডিয়ানা জোনস’ ও ‘স্টার ওয়ার’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। অবশ্য, জর্জ লুকাসের কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতে করতেই এই নির্মাতার ‘স্টার ওয়ার’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফোর্ড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
২০১৩ সালে জুরিখ চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন হলিউডের এই তারকা অভিনেতা। অভিনয়ের জন্য খ্যাতি, যশ, প্রতিপত্তি সবই এসেছে তাঁর হাতের মুঠোয়। অথচ ভাবা যায়! এই হ্যারিসন ফোর্ডই একটা সময় অভিনয়ে সাফল্য না পাওয়াতে পেশা হিসেবে ছুতোর বা কাঠমিস্ত্রির জীবন বেছে নিয়েছিলেন।
কলেজজীবন শেষ করে অভিনেতা হিসেবে ভাগ্য ফেরাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন ফোর্ড। সেখানে ছোটখাটো চরিত্রে অভিনয়, ধারাভাষ্যকার হিসেবে সামান্য কিছু কাজের সুযোগ মিললেও একটা সময় হতাশ হয়ে শেষপর্যন্ত কাঠমিস্ত্রির কাজ শেখা শুরু করেছিলেন।
কাঠমিস্ত্রি হিসেবে শুরুতে মঞ্চ নির্মাণের কাজের পাশাপাশি অভিনেত্রী স্যালি কেলারম্যানের মতো হলিউডের তারকাদের বাড়িঘরের বিভিন্ন কাঠের কাজও করতেন ফোর্ড। একটা সময়ে আলমারি বানানোর কাজও শুরু করেন ফোর্ড। আর এই সময়েই হলিউডের বিখ্যাত নির্মাতা জর্জ লুকাসের জন্য একটি আলমারি বা কেবিনেট বানানোর সুযোগ আসে তাঁর। এরই কিছুদিন পর নির্মাতা জর্জ লুকাস তাঁর ‘আমেরিকান গ্রাফিতি’ ছবিতে কাজের জন্য হ্যারিসন ফোর্ডকে নেন। সেই শুরু।
‘আমেরিকান গ্রাফিতি’ ছবির কাজ শেষ করার বেশ কিছুদিন পর জর্জ লুকাস হাতে নিয়েছিলেন ‘স্টার ওয়ার’ ছবি নির্মাণের কাজ। সে সময় এ ছবির অভিনয়শিল্পী নির্বাচনে অডিশনের কাজ চলছিল। লুকাস তাঁর ‘স্টার ওয়ার’ ছবির বিভিন্ন চরিত্র নির্বাচনের জন্য যখন অডিশন নিচ্ছিলেন, তখন হ্যারিসন ফোর্ডকে এ ছবির চিত্রনাট্য থেকে কয়েকটি লাইন পাঠ করে শোনাতে বলেন। চিত্রনাট্য পাঠে ফোর্ডের দক্ষতা দেখে লুকাস অবশেষে তাঁকে নির্বাচিত করেন ‘স্টার ওয়ার’ ছবির ‘হ্যানস সোলো’ চরিত্রটির জন্য।
আর এভাবেই আবারও জর্জ লুকাসের কাঠমিস্ত্রি হ্যারিসন ফোর্ডের স্বপ্নের অভিনয়জগতে প্রত্যাবর্তন ঘটেছিল। বায়োগ্রাফিআর্কাইভ।