জাল ছিঁড়ল...

ভালোবাসার জালে আর জেনিফার মেয়ারকে আটকাতে পারলেন না ‘স্পাইডার-ম্যান’ টবি ম্যাগুয়ের। ১৩ বছর আগে অলংকারের নকশাকার মেয়ারের মধ্যে নিজের ভালোবাসার অমূল্য রত্নটা খুঁজে পেয়েছিলেন। ‘স্পাইডার-ম্যান’ সিরিজের প্রথম ছবিটা মুক্তি পেয়েছিল এর কয়েক মাস আগে। দুজনে বিয়েও করেছেন নয় বছর হলো। অবশেষে সেই সম্পর্কটার ইতি টেনে দিলেন।
হলিউডে এখন যেন ভাঙনের কাল চলছে। জেনিফার গার্নার-বেন অ্যাফ্লেক, জনি ডেপ-অ্যাম্বার হার্ড ও ব্র্যাঞ্জেলিনা জুটির বিচ্ছেদের পথ ধরে এবার ছাড়াছাড়ি হয়ে গেল এই দুজনেরও। ঠিক কী কারণে সংসারে ভাঙন তা জানা যায়নি। তবে যৌথভাবেই যে এই সিদ্ধান্ত, সেটিই জানা গেল যুক্ত বিবৃতিতে, ‘অনেক চিন্তাভাবনা করার পর আমরা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সন্তানের অভিভাবক হিসেবে এখন আমাদের মূল দায়িত্ব হবে অসীম ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখে আমাদের ছেলে ও মেয়েকে বড় করে তোলা।’ হিন্দুস্তান টাইমস।