জুলিয়া রবার্টসের সংসার ভাঙছে?

১৩ সংখ্যাটিকে অশুভ মনে করা হয়। তবে কি এই সংখ্যার প্রভাব পড়েছে ‘প্রিটি ওম্যান’ তারকা জুলিয়া রবার্টসের সংসারে? শোনা যাচ্ছে, তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনে অশান্তির ঝড় উঠেছে। চিত্রগ্রাহক ড্যানিয়েল মডারের সঙ্গে দাম্পত্যের ইতি টানতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
জুলিয়া ও ড্যানিয়েল বিয়ে করেন ২০০২ সালে। তাঁদের তিন সন্তান-প্যাট্রিসিয়া, ওয়াল্টার ও হেনরি। গত দুই বছর ধরে কঠিন সময় পার করছেন জুলিয়া। তাঁর মা ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন জুলিয়ার সৎ বোন ন্যান্সি। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য জুলিয়াসহ পরিবারের অন্য সদস্যদের দায়ী করে যান ন্যান্সি। বিষয়টি নিয়ে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে জুলিয়াকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওকে ম্যাগাজিন।
জুলিয়া ও ড্যানিয়েলের দাম্পত্যজীবনের টানাপোড়েনের পেছনের কারণ জানাতে গিয়ে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জুলিয়ার খবরদারি সহ্য করতে করতে ড্যানিয়েলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শুরু থেকেই ড্যানিয়েল অনুভব করেন, তাঁদের দম্পত্যজীবনে কোনো অংশীদারিত্ব নেই। সবসময় জুলিয়ার মন মতোই সব হয়েছে। পান থেকে চুন খসলেই ক্রমাগত চিৎকার-চ্যাঁচামেচি করে ড্যানিয়েলের ওপর মানসিক নির্যাতন চালান। আবেগকে মোটেই নিয়ন্ত্রণ করতে পারেন না জুলিয়া। তুচ্ছ কারণে তিনি চিৎকার-চ্যাঁচামেচি শুরু করে দেন। আবার একটু পরই ড্যানিয়েলের কাছে ক্ষমা চান। জুলিয়ার এসব আচরণে রীতিমতো অতিষ্ঠ ড্যানিয়েল।