জুলিয়া রবার্টসের 'সুখী' হওয়ার নেপথ্যে

সুখী মানুষেরাই প্রাণ খুলে হাসেন। আর কে না জানে; হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টস তাঁর অসাধারণ মিষ্টি হাসির জন্য বিখ্যাত। সম্প্রতি ‘প্রিটি ওম্যান’ খ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস জানিয়েছেন, তিনি প্রকৃতই একজন সুখী মানুষ। আর তাঁর সুখী হওয়ার পেছনে যে মানুষটি আছেন, তাঁর নাম ড্যানিয়েল মডার; জুলিয়া রবার্টসের স্বামী ড্যানিয়েল। সম্প্রতি ইউএস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে জুলিয়া জানিয়েছেন, তাঁর সুখী হওয়ার সকল কৃতিত্ব তাঁর স্বামী ড্যানিয়েলের।
জুলিয়া আরও জানিয়েছেন, মূলত ড্যানিয়েলের জন্যই প্রকৃত অর্থে সুখী হতে পেরেছেন তিনি। ড্যানি-জুলিয়া দম্পতির তিন সন্তান। যমজ দুই সন্তান ফিন ও হ্যাজেল (১০ বছর) এবং আট বছর বয়সী হেনরি। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যজীবন তাঁদের। অবশ্য, এই দীর্ঘ দাম্পত্যে যে অশান্তির ঝড় কখনোই ওঠেনি তেমন দাবি জুলিয়া করেননি। মাঝে একবার গুজব রটেছিল; ড্যানিয়েল মডারের সঙ্গে দাম্পত্যের ইতি টানতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। কিন্তু সে গুজব আর খবর হতে পারেনি।
জুলিয়া রবার্টস ও ড্যানিয়েল মডের বিয়ে করেছিলেন ২০০২ সালে। তাঁদের দাম্পত্যজীবনের টানাপোড়েন প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মাঝে ‘ওকে’ ম্যাগাজিনকে জানিয়েছিল, এ অভিনেত্রীর মাত্রাছাড়া খবরদারির কারণেই নাকি সব সময় তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। ড্যানিয়েলকে সর্বদা জুলিয়ার মন যুগিয়েই চলতে হয়েছে। পান থেকে চুন খসলেই নাকি ড্যানিয়েলকে মানসিকভাবে নির্যাতন করেন জুলিয়া। আর তুচ্ছ কারণে চিৎকার-চ্যাঁচামেচি করার একটু পরেই নাকি ড্যানিয়েলের কাছে ক্ষমা চান তিনি। অবশ্য, এমন ধরনের খবর এর আগেও বেশ কয়েকবার ছেপেছে হলিউডের সংবাদমাধ্যমগুলো।
যা হোক, এবারে জুলিয়া সম্ভবত মনের কথাই বলছেন। জুলিয়া বলেছেন, তিনি মনে করেন না আত্মবিশ্লেষণের বিষয়টি খুব একটা স্বাস্হ্যকর কিংবা কাজে দেয়। তাঁর কথা হচ্ছে— তিনি হাসেন অথবা না-ই হাসেন, লোক দেখানোর জন্য কিছু করতে পারেন না তিনি।
কাজেই নিজেকে যখন সুখী হিসেবে দাবি করেছেন জুলিয়া; তিনি প্রকৃতই সুখী। অন্তত তাঁর মিষ্টি হাসি, তাঁর দীর্ঘ ১৩ বছরের সংসার, ফুটফুটে ঘর আলো করা তিন সন্তান— এ কথাই বলছে। ইউএস ম্যাগাজিন। পিটিআই।