জুলিয়ার সঙ্গে জুলিয়াদের দেখা

জানা গিয়েছিল, জিমি কিমেল লাইভের সেই রাতের অতিথি জুলিয়া রবার্টস। কিন্তু কে জানত, এক-দুজন নন; দেখা মিলবে দশ-দশজন জুলিয়া রবার্টসের! কিমেল চমকে দিতে ভালোবাসেন। এদিন চমকে দিয়েছেন রবার্টসকেও। বিশ্বের নানা প্রান্ত থেকে এনে হাজির করেছেন এমন আরও নয়জন নারী, যাঁদের নামও জুলিয়া রবার্টস।
চমকে যাওয়া আসল জুলিয়া বলেছেন, ‘আমার ধারণাই ছিল না এই নামে পৃথিবীতে আর কেউ আছে।’ বাকি নয়জন জুলিয়া গল্প বলেছেন এই নামের কারণে কী কী অভিজ্ঞতা হয়েছে। কেবল নাম জুলিয়া রবার্টস বলে হোটেলের ভালো রুম কিংবা নৈশভোজের রিজার্ভেশন পেয়েছেন অনেকে!
বিড়ম্বনাও ভোগ করতে হয়েছে। একজনের যেমন ক্রেডিট-ডেবিট কার্ড আটকে দেওয়া হয়েছিল জাল নাম ব্যবহার করছেন সন্দেহে। প্রায়ই প্রমাণ দেখাতে হয়, আসলেই তাঁদের নাম এটা কি না।
এসব গল্প শোনার পর আসল জুলিয়া স্বভাবসুলভ হাসি দিয়ে বলেছেন, ‘কেউ যদি প্রমাণ চায় বলবেন, এক্ষুনি রিচার্ড গ্যেরকে (প্রিটি ওম্যান-এর সহশিল্পী) ফোন দিচ্ছি, ও–ই বলে দেবে আমি কে।’ ই-অনলাইন।