জেগে উঠেছে পুরোনো প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন মায়ার ও কেটি পেরি
জন মায়ার ও কেটি পেরি

যেন জন মায়ার অপেক্ষাতেই ছিলেন কেটি পেরি ও অরলান্ডো ব্লুমের সম্পর্ক ভাঙার। তাই গত ফেব্রুয়ারি মাসে পেরি ও ব্লুমের প্রেম ভাঙতে না–ভাঙতেই জন মায়ারের ভালোবাসা আবার চাঙা হয়ে উঠল। শোনা যাচ্ছে, ইদানীং পুরোনো প্রেমিকা কেটি পেরিকে ফুল আর কবিতায় ভাসিয়ে দিচ্ছেন গায়ক জন মায়ার।

গায়িকা কেটি পেরির ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, মাসখানেক ধরে পেরি ও মায়ারের ঘন ঘন কথা হচ্ছে। মায়ার প্রায়ই পেরির বাড়িতে ফুল পাঠাচ্ছেন। ফোনে শোনাচ্ছেন নতুন লেখা কবিতা ও গান। তবে তাঁদের সম্পর্কটা আবারও আগের মতো হবে কি না, সেটা এখনো পরিষ্কার নয়। কারণ, কেটি পেরির মনে দ্বিধা ভর করেছে, জন মায়ার আবারও তাঁকে কষ্ট দেবেন না তো! সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চাইছেন ‘ফায়ারওয়ার্ক’ গায়িকা।

তবে জন মায়ারের তর সইছে না। নিজের ‘ভালোবাসা’কে তিনি একেবারে জনসমক্ষে নিয়ে এসেছেন। ঘোষণা দিয়েছেন, তাঁর নতুন গান ‘স্টিল ফিল লাইক ইউর ম্যান’ লিখেছেন পেরির জন্য। মায়ার বলেন, ‘আমি তাকে ছাড়া আর কাকে নিয়ে ভাবব? এই গানকে একটি প্রমাণপত্রও বলা যেতে পারে। কারণ, এর মধ্য দিয়েই স্পষ্ট যে গত পাঁচ-ছয় বছরে আমার জীবনের একমাত্র সত্যিকারের সম্পর্ক এটাই।’ এস শোবিজ।