জেনিফার অন্তঃসত্ত্বা নন, বরং বিরক্ত

হলিউডে বেশকিছু দিন ধরেই জেনিফার অ্যানিস্টনের মা হওয়ার খবর শোনা যাচ্ছিল। এই বিষয়ে এত দিন মুখে কুলুপ এঁটেই বসে ছিলেন এই অভিনেত্রী। কিন্তু মানুষের সহ্যেরও তো একটা সীমা আছে। এবার তিনি মুখ খুলেছেন। বলেছেন, তিনি অন্তঃসত্ত্বা নন, কিন্তু মিথ্যে এ খবর নিয়ে গণমাধ্যমে যে পরিমাণ মাতামাতি শুরু হয়েছে, তা দেখে তিনি বিরক্ত।
তাঁর ব্যক্তিগত বিষয়ে এমন গুজব ছড়ানোয় ভীষণ চটেছেন এই ‘মাদার’স ডে’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাকে গণমাধ্যমে যেভাবে প্রকাশ করা হয়েছে, তা আসলে এই সমাজেরই প্রতিচ্ছবি। সাধারণত নারীদের যেভাবে বিবেচনা করা হয়ে থাকে, সেটাই এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রকাশ পেল।’
সমাজ একজন নারীর বিয়ে ও সন্তান ধারণের ঘটনাকেই বড় করে দেখে বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। তাই তাঁর মা হওয়ার ‘কাল্পনিক খবর’ মোটেও ভালোভাবে নেননি জেনিফার।
৪৭ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘কোনো দিন হয়তো আমি মা হব। সেদিন আমি নিজেই সবার আগে আপনাদের এই খবর জানাব।’
এই অভিনেত্রী প্রথম বিয়ে করেছিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর গত বছর মার্কিন অভিনেতা ও পরিচালক জাস্টিন টেরক্সের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইয়াহু নিউজ।
https: //www. yahoo. com/celebrity/jennifer-aniston-is-not-pregnant-shes-fed-up-230435857. html