জেনিফারের চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার অ্যানিস্টোন
জেনিফার অ্যানিস্টোন

‘এমন কি কোনো দিন হয়েছে যে ঘুম থেকে উঠে নিজেকে চিনতে পারেননি?’—ইতালির গিফনি ফিল্ম ফেস্টিভ্যালে এক ‘প্রশ্ন-উত্তর’ পর্বে হলিউড তারকা জেনিফার অ্যানিস্টোনকে এই প্রশ্নটি করেছিলেন এক কিশোরী। তিনি খুব গুছিয়ে এর জবাবও দিয়েছিলেন। কিন্তু সেই গোছানো জবাবের সঙ্গে মিলেমিশে গিয়েছিল জেনিফারের চোখের জলও। কারণ, সব হারিয়ে ফেলার ভয়টা খুব প্রকট এই অভিনেত্রীর ভেতর। মঞ্চে কাঁদতে কাঁদতে জেনিফার বলেন, ‘এই মিলনায়তনে উপস্থিত মানুষের সবার হাতে অত আঙুল নেই, যতবার আমি জীবনে এমনটা অনুভব করেছি। অসংখ্যবার এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি।’
অনেক দিন ধরেই সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনয়ের এই জগতে। তবে এক নিমেষেই এসব কিছু হারিয়ে ফেলার শঙ্কা নাকি প্রায়ই তাঁকে অস্থির করে তোলে। মনে হয়, ‘আমি কি টিকে থাকতে পারব?’ মাঝে মাঝে হতাশও হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে নিজেই তা কাটিয়ে ওঠেন।
কিছুদিন আগেই এই ‘ফ্রেন্ডস’ সিরিজ তারকা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে দারুণ আলোচনায় ছিলেন। সে সময় অভিনেত্রীদের ঘিরে তৈরি হওয়া এসব গুজবের তীব্র প্রতিবাদ করেন তিনি। হাফিংটন পোস্ট পত্রিকায় এ বিষয়টি নিয়ে হৃদয়স্পর্শী একটি কলামও লিখেছিলেন। আলোচনার সেই ঝড় থামতে না–থামতেই অ্যানিস্টোন এই ‘নিরাপত্তাহীনতা’বিষয়ক আবেগপ্রবণ মন্তব্য তাঁর ভক্তদের সত্যিই ভাবিয়ে তুলেছে। ইয়াহু নিউজ।