জেনিফারের স্মৃতিময় বাড়িটি বিক্রি করছেন অ্যান্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ-মার্ক অ্যান্টনি
জেনিফার লোপেজ-মার্ক অ্যান্টনি

জেনিফার লোপেজ-মার্ক অ্যান্টনি দম্পতি ভালোবেসে ঘর বেঁধেছিলেন ২০০৪ সালে। শুধু ঘর বললে অবশ্য একটু ভুলই বলা হবে। কারণ বিয়ের পর যেখানে তাঁরা থাকতেন; সেই সুবিশাল বাংলোবাড়ির রয়েছে দশটি বেডরুম, আটটি স্নানঘর, হোম থিয়েটার, রেকর্ডিং স্টুডিও, বিশাল এক লাইব্রেরি, পুল, টেনিস কোর্ট, আটটি ফায়ার প্লেস এবং একটি আলাদা অতিথিশালা। ২০১১ সালে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আগ পর্যন্ত নিউ ইয়র্কের এই বিশাল বাড়িতেই একসঙ্গে দিন কাটিয়েছেন তাঁরা। এই সুবিশাল বাড়িটি এবার বিক্রি করে দিতে চাইছেন জেনিফার লোপেজের প্রাক্তন প্রেমিক ও স্বামী মার্ক অ্যান্টনি।
২০০০ সালে অ্যান্টনি এই সম্পত্তি কিনেছিলেন। জেনিফারকে বিয়ে করার পর তাঁরা দুজনেই সেখানে থাকা শুরু করেন। এই বাড়িতেই তাঁদের দুই সন্তান বেড়ে উঠেছে। জেনিফার লোপেজ এখন আর মার্ক অ্যান্টনির সঙ্গে নেই। ৪৭ বছর বয়সী ল্যাটিন সুপারস্টার মার্ক অ্যান্টনি নতুন করে সংসার শুরু করেছেন। এদিকে, জেনিফার লোপেজও প্রেম করছেন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে।
স্মৃতি কখনো কখনো দুঃসহ হয়ে উঠতে পারে। কে জানে জেনিফার লোপেজের স্মৃতি ভুলতেই হয়তোবা মার্ক অ্যান্টনি এবার তাঁর সাবেক প্রেমিকা ও স্ত্রীর স্মৃতিবিজড়িত এই বাড়িটিও বিক্রি করে দিতে চাইছেন।
এখন পর্যন্ত এই বাংলো বাড়িটির দাম উঠেছে নয় মিলিয়ন মার্কিন ডলার। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।