জেন্ডায়া–টম হল্যান্ডের বিচিত্র সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হল্যান্ড ও জেন্ডায়া
ছবি: ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কর্মকাণ্ডের দিকে তাকালেই বোঝা যায়, দুজনের মধ্যে কিছু একটা চলছে। ‘ডিউন’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হলো। সেখানে হাজির হয়েছিলেন জেন্ডায়া। আর সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন কিনা টম হল্যান্ড। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হৃদয়’ ইমোজি। ‘ইমোশনাল ফেস’ ইমোজি দিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ‘ডিউন’ অভিনেত্রী।।
দুজনের এই ইমোজি চালাচালিতে বেশ মজা পাচ্ছেন ভক্তরা। ইনস্টাগ্রামে তাঁদের প্রতিক্রিয়ায় ভরে যাচ্ছে মন্তব্যঘর। ‘এবার বিয়ে করে নাও’। ‘এর মানে কী টম? এর মানে কী?’ ‘মেয়ে, টম হল্যান্ডের মতো একজন মানুষকে তোমার করে নাও।’ ‘এমন দরদি প্রেমিককে ভালোবাসো।’ লিখেছেন ভক্তরা।

‘স্পাইডারম্যান’ সিরিজের ছবিতে পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম হল্যান্ড। আর তাঁর প্রেমিকা মিশেল জোনস ওরফে এমজে হলেন জেন্ডায়া। পর্দায় তাঁদের প্রেম দেখে এই জুটিকে দারুণ পছন্দ করেন ভক্তরা।
এর মধ্যেই টম হল্যান্ডের সঙ্গে জেন্ডায়ার চুমুর একটি ভিডিও অনলাইনে আলোচনার ঝড় তোলে। তখন গুঞ্জন ছড়ায়, সত্যিই কি প্রেম করছেন তাঁরা? এই জল্পনা শেষ না হতেই ১ সেপ্টেম্বর ২৫তম জন্মদিনে জেন্ডায়ার একটা ছবি দেন টম। ছবিতে দেখা গেল, টম ‘স্পাইডারম্যান’–এর পোশাকে। তার কাঁধে ভর দিয়ে পেছনে দাঁড়িয়েছেন জেন্ডায়া। হাসিমুখ। হাতে ক্যামেরা ধরা। ক্যামেরায় চোখ, যেন ছবি তুলছেন কারও। ক্যাপশনে টম লিখেছেন, ‘আমার এমজে (মিশেল জোনস), সবচেয়ে আনন্দের জন্মদিনটি তোমার হোক। সময় পেলে ফোন দিও।’ টমের এই পোস্টের মন্তব্যে জেন্ডায়া লেখেন, ‘এখনই ফোন করছি।’

টম হল্যান্ড আর জেন্ডায়া প্রেম করছেন?
ইনস্টাগ্রাম

তবে দুজনের কেউই মুখে স্বীকার করেননি প্রেমের কথা। যদিও একসঙ্গে ঘোরা, পার্টিতে যাওয়া, এমনকি বন্ধুর বিয়েতে তাঁদের নাচতে দেখা গেছে। সে যা–ই হোক, মুখে না বললেও দুজনের মধ্যে যে কিছু একটা চলছে, এটা বলা যায়।
‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে এই জুটিকে দেখা যাবে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাচ্ছে। আর ‘ডিউন’ বাংলাদেশে মুক্তি পাবে ২২ অক্টোবর।