জেমস বন্ড 'আনফিট'!

‘জেমস বন্ড’ চরিত্রটি সম্পর্কে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা এমআই ৬-এর সাম্প্রতিক মূল্যায়ন সম্ভবত বিশ্বের ‘জেমস বন্ড’ ভক্তদের এরই মধ্যে চটিয়ে দিয়েছে। দিনকয়েক আগে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র জানিয়েছিল, জেমস বন্ড সম্পর্কে তাদের মূল্যায়ন হচ্ছে— এজেন্ট হিসেবে ‘জেমস বন্ড’ রীতিমতো সেকেলে এবং ‘আনফিট’।
ভাবা যায়! দুর্ধর্ষ, কঠিন-কোমলে গড়া রোমান্টিক, রহস্যময়, নিষ্ঠুর ও সাহসী এই ব্রিটিশ এজেন্ট লেখক ইয়ান ফ্লেমিংয়ের কলম ঘুরে সেই ১৯৫৩ সাল থেকে আজ পর্যন্ত এমআই ৬ ‘আইকন’ হয়েই রাজত্ব করেছেন সেলুলয়েডের পর্দা থেকে বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয়ে। অথচ, সম্প্রতি যুক্তরাজ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এমআই ৬ (মিলিটারি ইনটেলিজেন্স সেকশন ৬) নতুন কর্মী সংগ্রহে যে প্রচার চালায়; সেখানে এজেন্ট হিসেবে ‘জেমস বন্ড’ চরিত্রটিতে রীতিমতো সেকেলে এবং ‘আনফিট’ বলেই আখ্যা দেওয়া হয়েছে।
গোয়েন্দা সংস্থাটির একটি সূত্রের ‘বাজফিড’-এ দেওয়া বক্তব্য হচ্ছে, এজেন্ট হিসেবে জেমস বন্ড তাঁর কাজের জন্য ঠিক উপযুক্ত নন, অর্থাৎ ‘আনফিট’। আর এর কারণ— তিনি একা কাজ করেন। জেমস বন্ডকে ‘লোন রেনজার’ আখ্যা দিয়ে এম আই ৬-এর ওই সূত্রটি আরও জানিয়েছে, সম্ভবত এজেন্ট হিসেবে জেমস বন্ডকে তারা কাজে নিত না।
গোয়েন্দা সংস্থাটির সূত্রটি বাজফিডে এও জানিয়েছে, কর্মী হিসেবে জেমস বন্ড আবেদন করলেও সম্ভবত তিনি সফল হতেন না। অর্থাৎ জেমস বন্ড নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণই হতে পারতেন না।
এ পর্যন্ত বিশ্বের গোয়েন্দা গল্পের ওপর নির্মিত বিভিন্ন সিনেমার চরিত্রগুলোর মধ্যে সেরা এজেন্ট হিসেবে ‘জেমস বন্ড’ সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিলেও বাস্তবের চরিত্র হিসেবে গোয়েন্দা সংস্থাটি তাঁর নাম বাতিলের খাতাতেই তুলে ফেলেছে!
এমআই৬-এর ওই সূত্রটি এও জানিয়েছে, নিখুঁত দামি স্যুট পরা, মার্টিনিপ্রিয়, রমণীমোহন জেমস বন্ড তাঁর এত সব গুণ আর বৈশিষ্ট্য নিয়েও আদতে বাস্তবের এজেন্ট হিসেবে কোনো কাজে আসবেন না। নম্বর হিসাব করলেও খুব কম নম্বরই তিনি পাবেন।