জেসি চ্যানের ছয় মাসের কারাদণ্ড

অবৈধ মাদক সেবন ও নিজ বাসায় অন্যদের মাদক সেবনের জায়গা দেওয়ায় ছয় মাসের কারাদণ্ড পেলেন প্রখ্যাত অভিনেতা জ্যাকি চ্যানের ছেলে গায়ক ও অভিনেতা জেসি চ্যান। পাশাপাশি ৩২০ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে ৩২ বছর বয়সী জেসিকে।
আজ শুক্রবার বেইজিংয়ের একটি আদালতে জেসিকে দোষী সাব্যস্ত করা হয়। রায় শোনার পর তিনি বলেন, ‘আমি আইন ভঙ্গ করেছিলাম। এ জন্য আমার শাস্তি পাওনা ছিল। সাজা শেষ করে সমাজে ফিরে যাওয়ার পর আমি এমন ভুল আর করব না।’ আদালতের ভেতর করা জেসির এই মন্তব্য প্রচার করেছে চীনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশন।
গত বছরের আগস্টে বেইজিংয়ে জেসির অ্যাপার্টমেন্ট থেকে তাঁকেসহ আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আরও আটক হন তাইওয়ানের চলচ্চিত্র তারকা কো কাই। মাদক পরীক্ষায় ধরা পড়ে, গাঁজা সেবন করেছেন জেসি এবং কো কাই। এ ছাড়া জেসির অ্যাপার্টমেন্ট থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনহুয়া নিউজ।
জেসি যে ধরনের অপরাধ করেছেন, তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড। কিন্তু তাঁর প্রতি আদালতের নমনীয় আচরণ করার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, জেসি স্বেচ্ছায় দোষ স্বীকার করে নেওয়ায় তাঁকে কম সাজা দেওয়া হয়েছে।
অবৈধ মাদক ব্যবহার বন্ধ করতে গত বছরের জুনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর পরিপ্রেক্ষিতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অবৈধ মাদক গ্রহণের দায়ে বেইজিংয়ে এখন পর্যন্ত সাত হাজার আট শর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জেসি চ্যান, কো কাই, গাও হুসহ অনেক তারকাও আছেন।
জেসি পুলিশকে জানিয়েছেন, আট বছর ধরে মাদক সেবন করছেন তিনি। অন্যদিকে, জেসির বাড়িতে বসে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন কো কাই। মাদক সেবনের দায়ে ১৪ দিন আটক রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
এদিকে ছেলে জেসির মাদক কেলেঙ্কারি জ্যাকি চ্যানকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। কারণ ২০০৯ সালে অ্যান্টি-ড্রাগ অ্যাম্বাসেডর হিসেবে রাশ আওয়ারখ্যাত প্রভাবশালী তারকা অভিনেতা, নির্মাতা ও প্রযোজক জ্যাকি চ্যানের নাম ঘোষণা করেছিল চাইনিজ পুলিশ। এ ছাড়া চীনের শীর্ষস্থানীয় রাজনৈতিক উপদেষ্টা প্যানেল চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের সদস্য তিনি।
ছেলের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছেন জ্যাকি। ছেলেকে নিয়ে লজ্জিত ও দুঃখিত বলেও জানিয়েছেন তিনি। তবে জেসির মাদক মামলাকে প্রভাবিত করতে পরিচিত কারও সাহায্য নেননি বলে দাবি করেছেন জ্যাকি। তাঁর প্রত্যাশা, একদিন অ্যান্টি-ড্রাগ অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি।