জোলি থেকে সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের অধিকাংশ তারকাই যেখানে সম্পর্কের ভাঙা–গড়ার খেলায় পটু, সেখানে ব্যতিক্রম হিউ জ্যাকম্যান-ডিবোরা লি ফারনেস দম্পতি। প্রায় ২০ বছর হলো দুজন এক ছাদের নিচে আছেন। সম্প্রতি এই দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য খানিকটা আঁচ করা গেছে। হিউ জ্যাকম্যানকে নাকি বেশ চোখে চোখে রাখেন ডিবোরা লি ফারনেস! ‘উলভারিন’ তারকাও স্ত্রীর এই আধিপত্য মেনে নিয়েছেন। জ্যাকম্যান বড় পর্দায় স্কারলেট জোহানসন, অ্যাশলে জুডের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিনয়ের ব্যাপারে নাকি স্ত্রীর নিষেধ আছে! সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারনেস বলেছেন, ‘আমি ওর এজেন্টকে বলে দিয়েছি, সে যেন কিছুতেই অ্যাঞ্জেলিনার সঙ্গে কাজ না করে। এই মেয়ে অদ্ভুত সুন্দরী!’
কথাটা যে স্রেফ মজা করে বলা, দুজনের দুষ্টুমিমাখা হাসিই তার প্রমাণ দিয়েছে। তবে একটা ব্যাপারে নাকি ঠিকই কড়াকড়ি নিয়ম জারি করে রেখেছেন ‘মিসেস উলভারিন’। কাজের চাপ যতই থাকুক, দুই সপ্তাহের বেশি কিছুতেই বাড়ির বাইরে থাকা চলবে না! ইটিঅনলাইন।