জোলি সবচেয়ে পছন্দের

মালালা ইউসুফজাই, হিলারি ক্লিনটন, রানি এলিজাবেথ ২, সোনিয়া গান্ধী, মিশেল ওবামা, অপরাহ উইনফ্রে, জুলিয়া রবার্টসের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে পছন্দের নারী নির্বাচিত হলেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি।
সম্প্রতি বিশ্বের ২৩টি দেশে ২৫ হাজার মানুষের মধ্যে জরিপ চালায় ইন্টারনেটভিত্তিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইউগভ। জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন জোলি। তাঁর পরেই আছেন পাকিস্তানি নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও গত বছরের নোবেল শান্তি পুরস্কার পাওয়া মালালা ইউসুফজাই।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর চতুর্থ স্থান অর্জন করেছেন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ ২। তালিকায় সেরা পাঁচে আরও ঠাঁই পেয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল ডটকম।
সবচেয়ে পছন্দের নারী হিসেবে ষষ্ঠ স্থান দখল করে নিয়েছেন ‘মাই হার্ট উইল গো অন’খ্যাত কানাডীয় গায়িকা ও গীতিকার সেলিন ডিওন। কম ভোট পাওয়ায় সেলিন ডিওনের পরের অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মার্কিন মুলুকের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রেকে।
তালিকায় অষ্টম স্থানে রয়েছেন ‘প্রিটি ওম্যান’খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জুলিয়া রবার্টস। তাঁর পরেই আছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। তালিকায় সেরা দশের শেষ স্থানটি পেয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তালিকায় পরের পাঁচটি অবস্থানে রয়েছেন যথাক্রমে টেইলর সুইফট, বিয়ন্স নোলস, সোনিয়া গান্ধী, জেনিফার লরেন্স এবং কেট মিডলটন।