জোলির ভিডিও নিয়ে ইউটিউবে 'ট্রাফিক জ্যাম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি যে বিশ্বজুড়ে থাকা তাঁর গুণমুগ্ধ অগণিত ভক্তের ভালোবাসা; আরেকবার এর প্রমাণ মিলল। সম্প্রতি ইউটিউবে জোলির বছর পনেরো আগের একটি দুষ্প্রাপ্য ভিডিও ছাড়ার পর তা এক ধরনের অনলাইন ‘ট্রাফিক জ্যাম’ সৃষ্টি করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ইউটিউবে দেওয়া জোলির এই দুষ্প্রাপ্য ভিডিওটি ২০০০ সালের দিকে ধারণ করা বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি। এ ভিডিওতে হলিউডের এই তারকাকে দেখা যাচ্ছে অভিনয় শেখার ক্লাসে। ২৫ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি তখন শুধু অভিনয়েই নাম লেখাননি; ২০০০ সালেই সেরা পার্শ্ব অভিনেত্রীর একাডেমি পুরস্কারটি পেয়েছিলেন তিনি।
অ্যাঞ্জেলিনা জোলির জন্ম ১৯৭৫ সালে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। বাবা জন ভট ও মা মার্শেলিন বাট্রান্ড। জোলির বাবা-মা দুজনেই পেশাদার অভিনয়শিল্পী। একটি অস্কার, তিনটি গোল্ডেন গ্লোব ও দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মাত্র ৬ বছর বয়সে, বাবা অভিনেতা জন ভটের হাত ধরে ‘লুক ইন টু গেট আউট’ ছবিতে একটি শিশু চরিত্রে অভিনয় করার মাধ্যমে। তাঁর বয়স যখন ১৬ বছর, সে সময়েই তিনি মডেলিংয়ের কাজ শুরু করেছিলেন। ছবিতে তাঁর চরিত্রের প্রয়োজনীয় ‘স্টান্ট’ নিজেই করতে ভালোবাসেন এই অভিনেত্রী। ‘লরা ক্রফট’ চলচ্চিত্রের প্রায় ৮০ শতাংশ স্টান্ট নিজেই করেছিলেন জোলি। বিমান চালনাতেও জোলি অসাধারণ। দক্ষ বিমান চালক হিসেবে স্বীকৃতিও আছে তাঁর।
জাতিসংঘসহ ও আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ‘শুভেচ্ছাদূত’ অ্যাঞ্জেলিনা জোলির নাম ফোর্বস-এর ২০১৩ সালের ৪৫ বছরের কম বয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় ছিল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মানবতার পক্ষে প্রচার আর বিশ্বের নানা প্রান্তের শরণার্থীদের সহযোগিতায় সব সময়ই এগিয়ে এসেছেন তিনি। এনডিটিভি।