জোলির সংসার-তত্ত্ব

খুব শিগগির সংসারে ঢুকছেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু আদতে তো ঘর করছেন বহু দিন। সম্প্রতি স্বামী-সংসার নিয়ে চমত্কার কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন জোলি। যেমন—অ্যাঞ্জেলিনা জোলির চোখে ব্র্যাড পিট একজন সংসারী মানুষ। ২০১২ সালে জোলি-পিটের বাগদান হয়েছে। জোলি মনে করেন, পিট ও তিনি ‘দম্পতি হিসেবে পরিণত’ হয়েছেন। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট সাময়িকীতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেছেন, ‘যখন প্রথম কাছে আসা হয়, তখনই সম্পর্ক গড়ে ওঠে। এটা দারুণ একটা বিষয়। কিন্তু আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, আমাদের সন্তান আছে। এটা অন্য ধরনের ভালোবাসা।’ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দাম্পত্য নিয়ে জোলি বলেন, ‘এটা শুধু প্রেমিক, অংশীদার বা বন্ধুত্ব নয়, এটা সংসারী মানুষের কথা। আমি তার (ব্র্যাড পিট) মধ্যে থাকায় তাকে আমার ভালো লাগে এবং আমি সত্যিই এ জন্য ভাগ্যবান। আমার মা সিঙ্গেল মাদার ছিলেন এবং এ জন্য তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে।’
পিট-জোলি দম্পতির ছয় সন্তান রয়েছে। এর মধ্যে ম্যাডক্সের বয়স ১৩, প্যাক্স ১০, জাহরা নয়, শিলোহ আট ও যমজ ভিভিয়েন ও নক্সের বয়স পাঁচ। পিটের সঙ্গে দাম্পত্য জীবনের একটি উদাহরণ সৃষ্টি করতে চান জোলি। তিনি বলেন, ‘সন্তানদের সামনে আমরা একে অপরের সঙ্গে আচরণের বিষয়ে যথেষ্ট সচেতন থাকি। বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় তার একটা উদাহরণ তৈরি করতে চাই আমরা।’